মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে বহুদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন প্রযোজক রাণা সরকার। পরিচালক রাজদীপ ঘোষের নির্দেশনায় শুরু হয়েছিল শুটিং। তবে শুটিংয়ের দিন নাকি একপ্রস্থ সমস্যার সম্মুখীন হতে হয়েছে ছবির ইউনিটকে, যার জেরে থমকে গিয়েছে ছবির সব কাজ। এমনটাই অভিযোগ খোদ প্রযোজকের। সেই মর্মে সমাজমাধ্যমে রাণার অভিযোগ, একদল লোক যারা টেকনিশিয়ান কিন্তু তাদের সঙ্গে  মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন, এমনকী তাদের সঙ্গে নেই কোনও সমস্যা। অভিযুক্তরা নাকি শুটিং লোকেশনে এসে ছবির ইউনিটের কর্মীকে মারধর করেছে, যার জেরে থমকে গিয়েছে শুটিং।  প্রযোজক জানিয়েছেন, গোটা ঘটনাটি নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।   এরপর ফেসবুকে ফেডারেশন ও স্বরূপ বিশ্বাসের কাছে আবেদন জানিয়েছে এই সমস্যা সমাধানের জন্য। 

গোটা বিষয়টি আজকাল ডট ইন-এর কাছে শোনার পর ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আজকাল ডট ইন-কে জানালেন, তিনি এই ঘটনার কথা জানতেন না।  সদ্য কানে এসেছে। যদি এরকম ঘটনা সত্যিই ঘটে থাকে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফেডারেশন কখনওই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না।  তবে এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, যেহেতু তিনি ওই সময়ে সেই জায়গায় ছিলেন না তাই এই ঘটনাটির সত্যতা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। গোটা ঘটনাটির সত্যতা যাচাই করে তবেই এই বিষয়ে মন্তব্য তিনি করতে পারবেন এবং আলোচনা করতে পারবেন।