বিতর্কের অন্ত নেই সুস্মিতা রায়কে নিয়ে। যবে থেকে তিনি তাঁর নতুন বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন, তবে থেকেই একের পর এক বিরূপ মন্তব্য, কটাক্ষের শিকার হতে হচ্ছে। এদিন তিনি কেন আবার লিখলেন, 'আজ থেকে আমার একা পথ চলা...'?
কী ঘটেছে? সুস্মিতা রায় বর্তমানে ফেসবুকে তাঁর বিয়ের নানা মুহূর্তের ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সেখানেই তিনি এদিন তাঁর মালাবদলের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সুস্মিতা পান পাতায় মুখ ঢেকে আসছেন। এরপর তিনি যখন পান পাতা সরিয়েই শুভাশিসকে দেখতে পান কান্নায় ভেঙে পড়েন। এমনকী স্ত্রীর কান্না দেখে কেঁদে ফেলেন শুভাশিসও।
এই ভিডিও পোস্ট করে সুস্মিতা লেখেন, 'আজকের এই মুহূর্তটা শব্দে বোঝানো সত্যিই খুব কঠিন… মনে হচ্ছে, জীবনের এতদিনের সব পথ যেন এসে মিশেছে এই একটুখানি সময়ে। আজ আর কিছু হারানোর ভয় নেই… কারণ সত্যি বলতে, আমার নিজের বলে কিছুই আর বাকি রাখিনি। যতটুকু ছিল—আমার সমস্ত স্বপ্ন, না বলা কথা, অগোছালো অনুভূতি, ভালোবাসার প্রতিটা কণা—সবটুকুই নিঃশব্দে তুলে দিলাম তোমার হাতে। এটা শুধু একটা বিয়ে নয়… এটা আমার নিজের অস্তিত্বকে আরেকটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার এক গভীর প্রতিশ্রুতি। যেন নিজের ভেতরের সব আলো, সব অন্ধকার— দুটোই একসাথে ভাগ করে নেওয়ার সাহস।' তিনি এদিন আরও লেখেন, 'হয়তো জীবনে অনেকবার নতুন করে শুরু করা যায় না… কিন্তু আজ মনে হচ্ছে, এটাই সেই শেষবার— যেখানে আমার জীবনের সমস্ত শক্তি, সমস্ত অনুভূতি দিয়ে আমি আবার নতুন করে বাঁচতে চাই… তোমার সাথে, তোমার হাত ধরে। আজ থেকে আমার একা পথচলা শেষ।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
সুস্মিতার এই ভিডিও দেখে হাসি থামছে না নেটপাড়ার। এক ব্যক্তি লেখেন, 'ওভারঅ্যাক্টিং হয়ে গিয়েছে। ১০ টাকা কেটে নেওয়া হবে।' আরও এক ব্যক্তি লেখেন, 'অভিনয়টা ভাল হয়নি।' তৃতীয় নেটিজেন লেখেন, 'আপনি কত ভাগ্যবান যে ৫-৭ বার শুভদৃষ্টি করতে পারছেন। তাও কান্না পাচ্ছে। নাটকের আর শেষ নেই।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সুস্মিতা রায় তাঁর পঞ্চম বিয়ের খবর সমাজমাধ্যমে দেওয়ার পর তাঁর প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তী তাঁকে কটাক্ষ করে পোস্ট করেন। সেটার জবাবে সুস্মিতা তাঁর অতীত জীবনের নানা কথা জানান। বলেন, তিনি তাঁর প্রাক্তন স্বামীর বিকৃত যৌনতার শিকার। বাদ দেননি অত্যাচারের কথা।
