মা হয়েছেন সুস্মিতা রায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার। একরত্তির নাম দিয়েছেন 'সিডো'। ছেলের জন্মের পর মাতৃত্ব নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে কথা বললেন সুস্মিতা।

সুস্মিতার কথায়, "আমি আসলে ছেলেই চেয়েছিলাম। গতবার তো মেয়ে হয়েছিল। আমি চেয়েছিলাম আগেরবারের কোনও ট্রমা যেন আমার জীবনে আর না আসে। সন্তান আসার খবরটা আগে জানাইনি বলে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আমার বিয়ে এবং মা হওয়া দুটো একদম আলাদা বিষয়। আমি বিয়ে না করেও যদি সন্তানের জন্ম দিতাম তাহলেও আমি চেপে রাখতাম না। আমি চেয়েছিলাম আমার সন্তান যেন একটা পরিবারে বড় হয়ে ওঠে, তাই এই সিদ্ধান্ত।"

তিনি আরও বলেন, "আমি চেয়েছিলাম সোশ্যাল মিডিয়া, কটাক্ষ এসবের থেকে আমার মাতৃত্ব, আমার সন্তানকে দূরে রাখতে। তাই প্রকাশ্যে আনিনি যতদিন না ওর জন্ম হয়েছে।‌ ছেলের নামটা ওর বাবা রেখেছে। এটাই ওর ভাল নাম। ওকে নিয়ে আমার একটাই স্বপ্ন- ও যেন ভাল মানুষ হয়। আর উন্নত মস্তিষ্কের মানুষ হয়। সিডো আমার কাছে এক কথায়, যুদ্ধ জয়ের পরিণতি।"

সন্তান আসার খবর দিয়ে সুস্মিতা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছিল তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। তাঁর স্বামীর হাতের উপর তাঁর হাত রাখা, আর তার উপর তাঁদের নবজাতকের ছোট্ট হাত। এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

স্বামী শুভাশিসকে ধন্যবাদ জানিয়ে সুস্মিতা আরও লেখেন, 'আর এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল। আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)