চলতি বছরের মার্চের মাঝামাঝি জীবনের নতুন ইনিংসের সূচনা করেন সুস্মিতা রায়। ব্যবসার পার্টনার শুভাশিস দের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়ের পরই রটে যায় অভিনেত্রী নাকি গর্ভবতী। এই ঘটনার পরপরই আজকাল ডট ইনের পডকাস্ট ক্যানভাসে তারকায় আসেন তিনি। সেখানেই গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন উঠলে কী জানিয়েছিলেন সুস্মিতা?
এপ্রিল মাসে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে গুঞ্জন রটেছে তিনি গর্ভবতী। এই কথার জবাবে অভিনেত্রী বলেন, "হ্যাঁ, তো, তাতে সমস্যা কী?" গর্ভবতী বলেই কি তিনি তাড়াহুড়ো করে বিয়ে করেছিলেন তাঁরা? এই বিষয়ে তাঁর জবাব, "এটা একদমই মানতে নারাজ। তাড়াতাড়ি করে বিয়ে করিনি। আর যদি করেও থাকি, কেন করব না? আমার ৩৬ বছর বয়স, এটা তো ছেলেখেলা করার তো জায়গা নয়। আমি মা হবো। ৩৬ বছর বয়সে অনেক রকম শারীরিক সমস্যা চলে আসে। আমি কেন দেরি করব? আমি বর্তমানে গর্ভবতী কিনা সেটা বড় কথা নয়। কিন্তু আমায় মা হতেই হবে। সেটা যতই নোংরা জায়গায় নিয়ে যাও না কেন কিচ্ছু যায় আসে না তাতে। আমার সবার আগে মাতৃত্ব।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শুভাশিস দেকে বিয়ে করার আগে সুস্মিতা রায়ের সঙ্গে সব্যসাচী চক্রবর্তীর বিয়ে হয়। কিন্তু তাঁদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তবে সেসব ভুলে চলতি বছরের গোড়ার দিকে নতুন শুরু করেন তিনি। তারপর এদিন সুখবর দিলেন। জানালেন তিনি মা হয়েছেন। পোস্ট করেছেন একরত্তির ছবিও।
এদিন সন্তান আসার খবর দিয়ে সুস্মিতা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। তাঁর বরের হাতের উপর তাঁর হাত রাখা, আর তার উপর তাঁদের নবজাতকের। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।" (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
তবে তিনি এদিন তাঁর পোস্টে জানাননি তাঁদের কোল আলো করে ছেলে এসেছে না মেয়ে। তবে অভিনেত্রীর পোস্ট দেখে অনুরাগীদের অনুমান তাঁদের কন্যা সন্তান হয়েছে। সুস্মিতা এদিন এই সুখবর জানাতেই তাঁর পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। কেউ যেমন একরত্তিকে আশীর্বাদ করেছেন, তেমন বাকিরা তাঁদের মঙ্গল কামনা করেছেন।















