মা হলেন সুস্মিতা রায়। তিনি যখন চলতি বছরের গোড়ার দিকে তাঁর ব্যবসার পার্টনার শুভাশিস দে-র সঙ্গে নতুন শুরু করেন, গাঁটছড়া বাঁধেন তখন বিতর্ক, কটাক্ষের শেষ ছিল না। কিন্তু সেসব নেতিবাচকতা পিছনে ফেলে অভিনেত্রী তাঁর মা হওয়ার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। অবশেষে তাঁর সেই স্বপ্ন সত্যি হল। সুস্মিতা এবং শুভাশিসের ঘরে ছেলে এল না মেয়ে?
এদিন সন্তান আসার খবর দিয়ে সুস্মিতা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। তাঁর বরের হাতের উপর তাঁর হাত রাখা, আর তার উপর তাঁদের নবজাতকের। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।'
স্বামী শুভাশিসকে ধন্যবাদ জানিয়ে সুস্মিতা লেখেন, 'আর এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল। আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত) তবে তিনি এদিন তাঁর পোস্টে জানাননি তাঁদের কোল আলো করে ছেলে এসেছে না মেয়ে। তবে অভিনেত্রীর পোস্ট দেখে অনুরাগীদের অনুমান তাঁদের কন্যা সন্তান হয়েছে।
সুস্মিতা এদিন এই সুখবর জানাতেই তাঁর পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। কেউ যেমন একরত্তিকে আশীর্বাদ করেছেন, তেমন বাকিরা তাঁদের মঙ্গল কামনা করেছেন।















