সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

রেনেকে দত্তক নেওয়ার পরই পালিয়ে যান সুস্মিতা সেনের ম্যানেজার! 

মাত্র ২৪ বছর বয়সেই মাতৃত্বের স্বাদ পান সুস্মিতা সেন। ২০০০ সালে তিনি তাঁর বড় মেয়ে রেনেকে দত্তক নেন। যদিও তাঁর এই সিদ্ধান্ত এবং পদক্ষেপ দুই বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ হইচই ফেলেছিল। শুধু তাই নয়, তাঁর ম্যানেজার পর্যন্ত তাঁর কাজ ছেড়ে পালিয়ে যান। তিনি এও দাবি করেছিলেন যে সুস্মিতা সেন এখন মা হয়ে গিয়েছেন যখন তখন নায়িকার চরিত্র তো দূর অস্ত, পার্শ্ব চরিত্রও পাবেন না। এত বছর পর এই বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন সুস্মিতা সেন। অভিনেত্রী বলেন, 'আমার ম্যানেজার পালিয়ে যান। উনি বলেছিলেন, তুমি তোমার কেরিয়ার নিয়ে একদম সিরিয়াস নও। এমন কারও প্রতিনিধিত্ব করতে পারব না যে মাত্র ২৪ বছরে মা হয়েছে। পার্শ্ব চরিত্রও পাবে না তুমি। উনি চলে যান। আর আমার মনে হয়েছিল বাবা মুক্তি পেলাম। আর আপনি বিশ্বাস করবেন না, আমি মা হওয়ার পরই একাধিক ছবি হিট করল।' 

পাপারাজ্জিদের সঙ্গে ছেলের আলাপ করালেন ক্যাটরিনা, নিরাপত্তার জন্য কোন শর্ত দিলেন? 

২০২৫ সালের শেষ দিকে মা বাবা হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ৭ নভেম্বর ভূমিষ্ট হয়েছে তাঁদের ছেলে বিহান। এখনও পর্যন্ত তাঁরা ছেলের মুখ দেখাননি। তবে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে একরত্তির আলাপ করালেন। ছেলের মুখ দেখালেন। তবে একই সঙ্গে শর্ত দেন কেউ যেন বিহানের ছবি না তোলেন বা সেটা কোথাও পোস্ট না করেন। তাঁরা এখনই ছেলের মুখ প্রকাশ্যে আনতে চান না। তবে এমন পন্থা কেবল ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ নিয়েছেন তেমনটা নয়। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা থেকে শুরু করে কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রারাও তাঁদের সন্তানের মুখ দেখাননি এখনও। 

৪৭ বছর, এখনও অবিবাহিত! কটাক্ষের শিকার হতেই কী জবাব শমিতার? 

৪৭ বছর বয়স তাঁর। এখনও নিয়ে করেননি। এদিকে তাঁর দিদি শিল্পা শেট্টি 'হ্যাপিলি ম্যারেড'। ১৪ বছরের একটি ছেলেও আছে তাঁর। শমিতা কেন বিয়ে করেননি, এত বয়সেও কেন অবিবাহিত এই নিয়ে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী। তিনি এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে লেখেন, 'এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেগুলোর উত্তর দিতে চাই। আপনার বয়স হয়ে গিয়েছে, আর আগের মতো নেই ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই। আমায় আলাদা দেখতে লাগবে এখন। সময়ের সঙ্গে সব বদলায়। জীবনের এটাই স্বাভাবিক নিয়ম। কিছুই চিরকাল থাকে না। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি ফিট, ভাল আছি, ঈশ্বর যা দিয়েছেন আমায় সেটা নিয়ে কৃতজ্ঞ। এটুকুই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই যে আপনারা বলেন সময় মতো বিয়ে করলে আপনার বাচ্চা বড় হয়ে যেত। আপনি তো সময়ে বিয়ে করেছেন, করে কী করে ফেলেছেন? সিঙ্গল মহিলাদের ফলো করে কেন এজ শেম করেন আপনারা? গুহাবাসী মানুষদের মতো ভাবনাচিন্তা, দয়া করে আমায় আনফলো করে দিন।'