বলিউড তারকা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি ফারাহ খান এবং রীতেশ দেশমুখ সঞ্চালিত শো 'লক আপ: সচ ইয়া সাজা' -তে এসেছিলেন। গত ২৭ জুন সেই পর্ব সম্প্রচারিত হয়েছে। সেখানেই গোবিন্দার স্ত্রী অভিনেতার পরকীয়া থেকে শুরু করে তাঁর শুটিংয়ের ঘটনার বিষয়ে কথা বলেন। 

অতীতে সুনীতা আহুজা একবার বলেছিলেন তিনি গোবিন্দার মতো একজন সন্তান চান, স্বামী নন। কিন্তু কেন এমন কথা বলেছিলেন? ফারাহ খানের প্রশ্নের জবাব সুনীতা বলেন, 'প্রেমে পড়লে মানুষ কত কিছু সহ্য করে। চিচির অনেকগুলো সম্পর্ক ছিল। ঠিক আছে, হিরো, হিরোইনদের তো এসব হয়েই থাকেই। ফলে আমার মনে হয় এত কিছুর পরও ওঁর সঙ্গে যে আমি এতগুলো বছর কাটালাম তারপর আমার ওর মতো একটা ছেলে থাকা উচিত।' 

প্রসঙ্গত, অতীতে গোবিন্দার একাধিক সম্পর্ক ছিল। তাঁর কেরিয়ারের গোড়ার দিকে নীলম কোঠারির সঙ্গে তাঁর নাম জড়ায়। পরবর্তীতে এক মারাঠি অভিনেত্রীর সঙ্গেও অভিনেতার নাম জড়ায়। শোনা যায় তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। ১৯৮৭ সালে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা আহুজা। তবে তাঁরা প্রথমে তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে আনেননি। তাঁদের মেয়ে, টিনা আহুজার জন্মের পর বিয়ের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন গোবিন্দা। তাঁদের আরও একটি সন্তান আছে, যশবর্ধন আহুজা। সুনীতা এই প্রথম না, অতীতেও একাধিকবার বলেছেন গোবিন্দার এই সম্পর্কগুলো তাঁদের বৈবাহিক সম্পর্কে জটিলতা তৈরি করেছে।