বেশ অনেকদিন ধরে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এনিয়ে জলঘোলাও কম হয়নি। এবার ফের একবার দাম্পত্য নিয়ে খোলাখুলি কথা বললেন সুনীতা। জানিয়েছেন, বিচ্ছেদের জল্পনার আঁচ তাঁর শরীরেও প্রভাব ফেলেছে। মেনোপজের সময়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অকপট অভিনেতার স্ত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, তিনি মেনোপজের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই এই সময় জীবনে বেশি স্ট্রেস নিতে চান না। তাঁর কথায়, "আমার শরীরে নানা পরিবর্তন দেখা দিয়েছে। প্রত্যেক মেয়ের জীবনে এই সময়টা গুরুত্বপূর্ণ। শরীরের সঙ্গে মনেরও যত্ন প্রয়োজন। এই বয়সে একজন স্ত্রীর প্রয়োজন তার স্বামী ও পরিবারের সাপোর্ট। বাড়তি দুশ্চিন্তা আমি সহ্য করতে চাই না।"
গত কয়েক মাস ধরেই গোবিন্দা ও সুনীতার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কখনও বিচ্ছেদের খবর, কখনও আবার তাঁদের মধ্যে দূরত্বের কথা উঠে এসেছে। যদিও এই সব গুঞ্জন নিয়ে গোবিন্দা কখনও প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি। সুনিতা জানিয়েছেন, তিনি যখনই কোনও বিষয়ে প্রশ্ন তুলেছেন, অনেক সময়ই সঠিক উত্তর পাননি।
সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি গোবিন্দাকে মাফ করার কথা ভাবতে পারেন, তবে তার জন্য একটি শর্ত রয়েছে। তাঁর কথায়, “সবকিছুই নির্ভর করছে পরিবর্তনের উপর। যদি গোবিন্দা নিজেকে বদলায়, নিজের আচরণ ও সিদ্ধান্তে পরিবর্তন আনে, তাহলেই ক্ষমা করার কথা ভাবব।” এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, সম্পর্ক পুরোপুরি শেষ করার সিদ্ধান্ত তিনি এখনও নেননি।
সুনীতা আরও জানান, গোবিন্দা তাঁর জীবনের ছোটবেলার প্রেম। বহু বছরের দাম্পত্য জীবন, একসঙ্গে কাটানো সুখ-দুঃখের স্মৃতি সহজে ভুলে যাওয়া যায় না। তবে শুধুই আবেগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বলেও মনে করেন তিনি। তাঁর মতে, দাম্পত্য সম্পর্কে বিশ্বাস, সম্মান আর স্বচ্ছতা খুব জরুরি। এগুলো না থাকলে সম্পর্ক টেকানো কঠিন হয়ে পড়ে।
তবে সুনিতার কথায় এটাও পরিষ্কার, তিনি এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছননি। যদি সম্পর্ক ঠিক করার সুযোগ থাকে এবং গোবিন্দা সত্যিই বদলাতে চান, তাহলে তিনি নতুন করে ভাবতে প্রস্তুত। কিন্তু সেই উদ্যোগ আসতে হবে গোবিন্দের দিক থেকেই।
গোবিন্দা ও সুনীতার সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হবে, নাকি দু’জন আলাদা পথ বেছে নেবেন, সেই উত্তর দেবে সময়।
