বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা বরাবরই চর্চায় থাকেন। সম্প্রতি ফের এক চাঞ্চল্যকর মন্তব্য করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, ঠিক সেই সময়েই সুনীতার এই মন্তব্য যেন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সুনীতা আহুজাকে তাঁর প্রিয় পোষ্য সারমেয়কে কোলে নিয়ে দেখা যায়।পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় তাঁর সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন, সেই বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে সুনীতা হাসি মুখে বলেন, "আমার সমস্ত সম্পত্তি আমি আমার পোষ্যর নামেই লিখে দেব।"
স্বাভাবিকভাবেই এই উত্তরের পর প্রশ্ন ওঠে, তাহলে তাঁদের ভাইপো কৃষ্ণ অভিষেক কোথায় যাবেন? এর জবাবে সুনীতা জানান, কৃষ্ণা এখন অনেক বড় এবং সফল। তাঁর নিজের অনেক সম্পত্তি রয়েছে। তিনি আরও বলেন, "কৃষ্ণ আমার ছেলের মতো। সে আমার চেয়েও অনেক বেশি সফল। ওর থেকে বরং আমায় নেওয়া উচিত। সে এখন অনেক বড় মানুষ, ঈশ্বর তাঁকে আরও বড় করুন। যতদিন আমি বেঁচে আছি, ওকে আশীর্বাদ করে যাব।"
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর ধরে সুনীতা ও কৃষ্ণার পরিবারের মধ্যে যে তিক্ততা চলে আসছিল, তা সম্প্রতি ‘লাফটার শেফ ফান আনলিমিটেড’ শো-এর মাধ্যমে মিটে গিয়েছে। সেই শো-এ কৃষ্ণ মামীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং সুনীতাও তাঁকে ক্ষমা করে দেন। তাঁদের সম্পর্কের এই পুনর্মিলন অনুরাগীদের কাছেও আবেগপ্রবণ ছিল।
ক'দিন আগেও গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টিনসেল টাউনে। সুনীতা বারবার বুঝিয়ে দিয়েছেন গোবিন্দাকে তিনি ক্ষমা করে আবার নতুন জীবন শুরু করেছেন। কিন্তু তাঁদের মধ্যে তিক্ততা কি একেবারেই শেষ? সুনীতার সম্পত্তি নিয়ে এই মন্তব্য ফের তাই বিতর্ক তৈরি করেছে।















