গোবিন্দা এবং ওঁর ঠোঁটকাটা স্বভাবের স্ত্রী সুনীতা আহুজা ইদানীং ওঁদের ব্যক্তিগত জীবন ও একাধিক বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন। এবার ওঁদের দাম্পত্য জীবনের এক অদ্ভুত এবং মজাদার গোপন কথা প্রকাশ্য সাক্ষাৎকারে ফাঁস করে দিলেন সুনীতা। বিন্দাস মেজাজে সুনীতা হাটে হাঁড়ি ভেঙে জানালেন যে— বর্তমানে অভিনেতা মাথায় পরচুলা বা ‘হেয়ার প্যাচ’ ব্যবহার করেন! ওঁর এই অকপট স্বীকারোক্তি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
একটি সাক্ষাৎকারে সুনীতা ওঁর এবং গোবিন্দার সম্পর্কের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন। তিনি জানান, কেরিয়ারের শুরুতে গোবিন্দা দেখতে “অসাধারণ হ্যান্ডসাম” ছিলেন। অভিনেতার সেই রূপ দেখেই তিনি প্রেমে পড়েছিলেন। ওঁর কথায়, অভিনেতা আজও সুদর্শন, তবে ওঁর যৌবনের সেই স্বাভাবিক চুলের বাহারের কথা তিনি আজীবন মনে রাখবেন।
এর পরেই নিজের চেনা রসিকতার মেজাজে সুনীতা যোগ করেন, “এমনকি এখনও ও দেখতে যথেষ্ট সুপুরুষ, কিন্তু সেই সময় ওঁর মাথায় আসল চুল ছিল। এখন ও হেয়ার প্যাচ পরে।” সুনীতার এই কথা শুনে হোস্ট হেসে উঠলে, তিনি বিষয়টি সামাল দিয়ে বলেন যে এটি কোনো ট্যাবু বা লজ্জার বিষয় নয়। গ্ল্যামার ওয়ার্ল্ডে এটা অত্যন্ত সাধারণ একটি বিষয়। ওঁর কথায়, “এখানে লুকানোর কী আছে? বলিউডের বহু হিরো এটা করে। আজকাল পুরুষ এবং মহিলা— উভয়ই হেয়ার প্যাচ ব্যবহার করেন, এতে লজ্জিত হওয়ার কিছু নেই।”
স্বামীর চুলের গোপন কথা ফাঁস করলেও গোবিন্দার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ সুনীতা। তিনি গর্ব করে বলেন, “আমার স্বামী হল ‘ওয়ান পিস’ । ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওঁর মতো ট্যালেন্ট কোনওদিন আসেনি আর আসবেও না।”
উল্লেখ্য, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা খোদ গোবিন্দার বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে বলিপাড়ায় তুমুল শোরগোল হয়। এতদিন চুপ থাকলেও এবার এক সাক্ষাৎকারে এই পরকীয়া বিতর্কের অবসান ঘটালেন খোদ গোবিন্দা।
পাল্টা ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে গোবিন্দ বলেন, “আমি ইদানীং লক্ষ্য করছি যে, যখন আমরা কোনও বিষয়ে চুপ থাকি, তখন লোকে আমাদের দুর্বল ভাবে অথবা ভাবে সমস্যাটা আমাদের মধ্যেই আছে। তাই আজ আমি জবাব দিচ্ছি। আমাকে বলা হয়েছে যে আমার পরিবারের কিছু মানুষ অজান্তেই এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। ওঁরা বুঝতেও পারছেন না যে ওঁদের এক মস্ত বড় ষড়যন্ত্রের ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
গোবিন্দার এই বয়ান স্পষ্ট করে দিচ্ছে যে, স্বামী-স্ত্রীর মধ্যে এই কাদা ছোড়াছুড়ি আসলে কোনও বাইরের কারওর উস্কানিতেই হচ্ছে। পরচুলার মজার গল্প থেকে শুরু করে পরকীয়া ও পারিবারিক ষড়যন্ত্রের এই টানাপোড়েন— সব মিলিয়ে গোবিন্দা ও সুনীতার ব্যক্তিগত জীবন এখন নেটপাড়ার হট টপিক।















