বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি তাঁর নাতনি ইভারাকে নিয়ে একটি মজার ঘটনা ভাগ করেছেন, যা নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে। মাত্র ১৫ মাস বয়সী ইভারার একটি দৈনন্দিন অভ্যাস সকলকে অবাক করেছে। সুনীল শেট্টি জানিয়েছেন, খুব ছোট থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি একরত্তির এক অন্যরকম টান রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি জানান, একবার বিমানবন্দরে যাওয়ার সময় ইভারার ন্যানি তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই থেকেই মোদীর ছবির প্রতি এক বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে খুদের। অভিনেতা বলেন, বাড়িতে সাইবাবার একটি বই আছে, যার মধ্যে প্রধানমন্ত্রী মোদিরও একটি ছবি রয়েছে। ইভারা প্রতিদিন সকালে সেই বইটি খোলে এবং প্রধানমন্ত্রীকে ‘মোদীজি’ বলে ডাকে।
সুনীল শেট্টির কথায়, “সে খুব মিষ্টি একটা কাজ করে। বাড়ি থেকে গণপতি বাপ্পার মূর্তির সামনে রাখা লাড্ডু নিয়ে আসে এবং প্রধানমন্ত্রীর ছবির সামনে সেটা ধরে তাঁকে খাওয়ানোর চেষ্টা করে।” অভিনেতা আরও জানান যে, এই অভ্যাসটি কেউ তাকে শেখায়নি, বরং সে নিজে থেকেই এটা করে।
উল্লেখ্য, ২০২৫ সালে আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের কোল আলো করে আসে ইভারা। তাঁদের মেয়ের জন্মের পর থেকেই তার এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। যদিও আথিয়া এবং রাহুল তাঁদের সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে তাকে ক্যামেরা থেকে দূরেই রাখেন, তবে সুনীল শেট্টি মাঝে মাঝেই নাতনির মজার কাণ্ডকারখানা নিয়ে কথা বলেন। অভিনেতা নাতনিকে ‘আথিয়া ২.০’ বলেও সম্বোধন করেন।















