টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
আহতদের ফেলে গিয়ে বিপাকে অভিনেতা
তিরুবনন্তপুরমে গভীর রাতে ঘটে যাওয়া এক পথদুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। অভিযোগ, মালয়ালম অভিনেতা মানিয়ানপিলা রাজুর চালানো একটি গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অভিনেতা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলেও পুলিশের দাবি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকদের নাম সুরজ (২০) ও নিদেব (২০)। দু’জনেই তিরুবনন্তপুরমের বাসিন্দা। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ ভেল্লায়ামবালাম–ভাজুথাক্কাড রোডে ত্রিবান্দ্রম ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মিউজিয়াম থানার পুলিশ জানিয়েছে, সুব্রাহ্মণ্যম হলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মানিয়ানপিলা রাজু নিজের গাড়ি নিয়ে রাস্তায় ঢুকছিলেন। সেই সময় তাঁর গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। অভিযোগ, সংঘর্ষের পর তিনি গাড়ি না থামিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন এবং আহতদের কোনওরকম সাহায্য করেননি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত দুই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, দু’জনের শরীরেই একাধিক হাড় ভেঙেছে।
এই ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, মানুষের জীবন বিপন্ন করা এবং দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে সাহায্য না করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ও মোটরযান আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
সুনীলের ‘ইমর্টাল’ আফসোস
সুনীল শেট্টি সম্প্রতি জানিয়েছেন, আদিত্য ধর পরিচালিত ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’তে তাঁর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। তবে নানা কারণে প্রকল্পটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’ ছবির প্রশংসা করেন অভিনেতা। এবং জানান, তিনি এই ছবির অংশ হতে চেয়েছিলেন।
সাক্ষাৎকারে সুনীল বলেন, “আদিত্যর অশ্বত্থামা-তে আমার একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল। সাইনিং হয়ে গিয়েছিল, সব কিছুই প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু পরে ছবিটা বন্ধ হয়ে যায়। ধুরন্ধর যখন দেখলাম, তখনই মনে হল, ইশ, যদি এই ছবিটার অংশ হতে পারতাম!”
গোবিন্দাকে সরিয়ে মনোজ
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাগম ভাগ’এ অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং গোবিন্দার দুর্দান্ত রসায়ন ও কমিক টাইমিং ছবিটিকে মুহূর্তেই দর্শকের প্রিয় করে তুলেছিল। তবে সিক্যুয়েলে বড়সড় কাস্টিং বদলের ইঙ্গিত মিলেছে। রিপোর্ট অনুযায়ী, গোবিন্দার জায়গায় এবার ছবিতে যোগ দিতে চলেছেন মনোজ বাজপেয়ী।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভাগম ভাগ ২’এ অক্ষয় ও পরেশের সঙ্গে যোগ দিয়েছেন মনোজ।
গোবিন্দার পরিবর্তে তাঁকেই নেওয়া হয়েছে। সিক্যুয়েলটির গল্প হবে সম্পূর্ণ নতুন।
এর আগেই জানা গিয়েছিল, ‘ভাগম ভাগ ২’ পরিচালনা করবেন রাজ শান্ডিল্য। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন মীনাক্ষী চৌধুরী। মীনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল আপস্টার্টস ছবিতে।
