কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুমন্ত মুখার্জি। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এবার জানা গেল, সোমবার, ২০ জুলাই তাঁর সার্জারি হল। এখন কেমন আছেন অভিনেতা?
এদিন আজকাল ডট ইনকে অভিনেতা শুভ্রজিৎ দত্ত বলেন, "সুমন্ত মুখার্জির বাইপাস সার্জারি হল আজ।বর্তমানে তাঁকে আইটিইউতে রাখা হয়েছে।" এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা? শুভ্রজিৎ জানান আপাতত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। একদিন তিনি পর্যবেক্ষণে থাকবেন।
কী হয়েছিল বর্ষীয়ান অভিনেতার? দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সুমন্ত মুখার্জির অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতা শুভ্রজিৎ মিত্র এবং আদৃত রায়। জানা গিয়েছে, গত ১৮ জুলাই সকালে হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীকালে তাঁকে দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সুমন্ত মুখার্জি টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্র দাপিয়ে কাজ করে চলেছেন তিনি। এমনকী নাটকের মঞ্চেও তিনি সমান ভাবে নজর কেড়েছেন বারংবার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সুমন্ত মুখার্জি ১৯৮৬ সালের 'আতঙ্ক' ছবির হাত ধরে দারুণ খ্যাতি পান। সেই ছবিতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর বলা সংলাপ, 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', আজও স্মরণীয়। সুমন্ত মুখার্জি স্বস্তিকা মুখার্জির কাকা এবং প্রয়াত অভিনেতা সন্তু মুখার্জির ভাই। তাঁর বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই। সুমন্ত মুখার্জি 'আবহমান', 'আতঙ্ক', 'শুভ মহরত', 'ব্যোমকেশ পর্ব', ইত্যাদি ছবিতে কাজ করেছেন। 'জন্মভূমি' থেকে শুরু করে 'জননী', 'রামপ্রসাদ', 'ফেলনা', ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন অতীতে। বর্তমানে তাঁকে 'কুমকুম' ধারাবাহিকে দেখা যাচ্ছে।
















