সদ্যই ভাতৃসম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী। অভিনেতার শেষ যাত্রায় তাঁদের দুই বোনকেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সেই শোকের মাঝেই ফের অঘটন ঘটে গেল। মাকে হারালেন সুদীপ্তা, বিদীপ্তা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই শোনা গিয়েছিল যে সুদীপ্তা চক্রবর্তীর মা, দীপালি চক্রবর্তী অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর, এদিন সকলের সঙ্গে এই দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীপালি চক্রবর্তী। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার, ২ এপ্রিল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
সুদীপ্তা চক্রবর্তী এদিন সমাজমাধ্যমে তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে কেবল একটাই শব্দ লেখেন, 'মা।' তাঁর পোস্টে অনেকেই শোকজ্ঞাপন করেছেন। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। সুদীপ্তা চক্রবর্তীর এক অনুরাগী লেখেন, 'এই শোকের কোনও সান্ত্বনা হয় না। খুব খারাপ লাগছে। পরপর এত শোক সহজ নয় জানি। শক্তি দিক ঈশ্বর আপনাদের।'

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে সুদীপ্তা চক্রবর্তী বলেন, "ইন্ড্রাস্ট্রির ক্ষতি কি না জানি না হয়তো ক্ষতি, তবে আমার অনেক বড় ক্ষতি।" একই সঙ্গে রাহুলের শেষকৃত্যের জন্য আধ বেলা ছুটি না দেওয়ার প্রসঙ্গে ক্ষোভ উগরে তিনি সমাজমাধ্যমে লেখেন, 'নিজের ভ্রাতৃসম সহশিল্পীকে শেষ দেখা দেখতে যেতে দেবার জন্য আধ ঘণ্টা শুটিং বন্ধ করার নির্দেশ দিতে গেলেই ব্যাঙ্কিং কমে যাবার ভয় জাঁকিয়ে বসে, টেলিকাস্ট আটকে যাবার ভয় থাকে, প্রযোজকদের অনেক বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এই তবে 'আমাদের একটাই পরিবার' যেখানে প্রায়ই 'ভুল বোঝাবুঝি' হয় আবার চা সিঙাড়া খেয়ে তা মিটেও যায়?এই তবে 'আমাদের টলিউড'?'















