স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'।‌ এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। আগেই ধারাবাহিকের প্রথম প্রোমো এসেছিল। এবার প্রকাশ্যে এল, এই মেগার সম্প্রচারের সময়। জানা যাচ্ছে, ২৭ এপ্রিল থেকে সন্ধে সাড়ে সাতটায় আসছে এই ধারাবাহিক। 'ঘূর্ণি'র সময় সামনে আসতেই এখন টলিপাড়ার অন্দরের জোর চর্চা শুরু হয়েছে যে তাহলে 'রাঙামতি তীরন্দাজ'‌‌-এর কী হবে? কারণ এতদিন এই সময় দর্শক রাঙাকেই দেখতেন। 

শোনা যাচ্ছে, 'ঘূর্ণি'র জন্য নাকি বন্ধ‌ হয়ে যাবে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। তবে জানা যাচ্ছে, এখনই শেষ হবে না এই মেগা। তার বদলে বদলে যাবে এর সম্প্রচারের সময়। জানা যাচ্ছে, রাত ১১টা বা ১১:৩০ নাগাদ আসতে পারে রাঙার গল্প। 

'ঘূর্ণি'র প্রোমোতে দেখা যাচ্ছে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। শেষ বলে ভারতের ৫ রান চাই। ব্যাট করছে ঘূর্ণি। আর সকলের প্রত্যাশা রেখে শেষ বলে ৬ মেরে দেশকে জিতিয়ে দেয় সে। বলাই বাহুল্য, এই ঘটনার পর দেশের গর্ব হয়ে ওঠে। কিন্তু একি! দেশের গর্ব পলকে হয়ে ওঠে বাংলার কলঙ্ক। তার পোস্টারে কালি মাখানো হয়। জ্বালিয়ে, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার। চলে খেলোয়াড়ের বাড়ি ভাঙচুর, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আর এসবের মাঝে জাতীয় দল থেকে বাদ পড়ে যায় ঘূর্ণি। নায়িকা নিজেও ভেবে নেয় তার স্বপ্ন শেষ। সে প্রতিজ্ঞা করে আর ব্যাট ধরবে না। সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। 

ঘূর্ণি বিবাহিত। তার শ্বশুর বাড়ির লোকের তার এই খেলা বিশেষ পছন্দের ছিল না। যদিও বর তার পাশে। কিন্তু এভাবে সমস্যা হওয়ায় সকলেই তার খেলার বিরোধিতা করে। এমন অবস্থায় নায়িকার স্বপ্নের কী হয় সেটাই দেখা যাবে ধারাবাহিকের গল্পে। 


প্রোমো দেখে নতুন নায়িকাকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল দর্শক মহলে। সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ।‌ 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিং-এও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিতে চলেছেন সপ্তাশ্রী।