সংবাদ সংস্থা মুম্বই: ২০১৭ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবী কাপুর অভিনীত ছবি ‘মম’। বলা হয়, শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘মম’। বনি কপূরের প্রযোজনায় রবি উদয়ারারের পরিচালিত এই ক্রাইম থ্রিলারে ভূয়সী প্রশংসিত হয়েছিল শ্রীদেবীর পারফরম্যান্স। ‘মম’-এর জন্য তিনি জাতীয় পুরস্কার-ও পেয়েছিলেন। শ্রীদেবী ছাড়াও ‘মম’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এ আর রহমান। এবার এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন বনি কাপুর। এবং সেই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় থাকবেন তাঁর তথা শ্রীদেবীর ছোট মেয়ে অভিনেত্রী খুশি কাপুর! 

 


জয়পুরে সদ্য অনুষ্ঠিত হওয়া আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের সন্ধ্যায় এই ঘোষণা সেরেছেন বনি কাপুর। দুই মেয়ে জাহ্নবী এবং খুশির অভিনয়ের প্রতি ভালবাসা থেকে পেশাদারিত্বের প্রশংসা করে বনি জানিয়েছেন তাঁরা দু'জনেই তাঁদের মায়ের দেখানো পথে যেভাবে হাঁটছেন, তাতে তিনি খুশি। বনির কথায়, “আমি তো খুশির তিনটি ছবিই দেখেছি –‘দ্য আর্চিজ’, ‘লাভইয়াপ্পা’ এবং ‘নাদানিয়া’।  ‘নো এন্ট্রি’র শুটিং শেষ হওয়ার পর খুশিকে নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছি। শ্রীদেবীর ‘মম’ ছবির সিক্যুয়েল ‘মম ২’ তৈরি করব ওকে নিয়ে। ওঁদের মা যেমন বলিউড থেকে দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি-দু’জায়গাতেই সেরা অভিনেত্রী ছিলেন, ওরা দু'জনেই কিন্তু সেই চেষ্টা করছে। আশা করি, তারা সফল হবে।”

 

 

প্রসঙ্গত,  ‘মম’ ছবিটি ছিল একজন সৎমায়ের লড়াই, তার সন্তানের প্রতি অবিচারের বিরুদ্ধে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় খন্না, অভিমন্যু সিংহ এবং বিকাশ ভার্মাকে। নওয়াজউদ্দিন সিদ্দিকিকেও দেখা গিয়েছিল একটি বিশেষ ভূমিকায়।