২০ বছরের কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবির পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে একাধিক হিট ‘আইটেম ডান্স’। কোনওদিন সেভাবে নাচের প্রশিক্ষণ না নিলেও, গানের সঙ্গে অভিনেত্রীর পা মেলানো দেখে সে কথা বুঝবেন এমন সাধ্য কার! গত বছরে তাঁর ‘ডাকাত পড়েছে’ নম্বরটি হিট। এ ছাড়া অনেক বছর আগে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘কোকাকোলা’ গানটি। তা নিয়েও বিপুল আলোচনা হয়েছিল। সম্প্রতি কলকাতার রসগোল্লা গানেও শ্রাবন্তীর আইটেম ডান্স রীতিমতো হিল্লোল তুলেছে জনতামহলে। কেন নায়িকা হিসেবে কেরিয়ারের মধ্যগগনে থেকেও আইটেম ডান্স নম্বরে দেখা যাচ্ছে তাঁকে? কেন তিনি এই বিষয়ে রাজি হচ্ছেন তিনি? আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বললেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আমার দারুণ লাগে আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে। কত রকমের, কত রঙিন অভিব্যক্তি ফোটানো যায় চোখেমুখে, বেশ অন্যরকম সেজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”
অভিনেত্রী আরও জানান, আইটেম ডান্সে পারফর্ম করার পিছনে আলাদা কোনও পরিকল্পনা বা বিশেষ ভাবনা তাঁর নেই। বরং তাঁর বিশ্বাস, ক্যামেরার সামনে এলে একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করতে পারা উচিত। তাই মূলধারার ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে অভিনয় যেমন করতে চান, তেমনই আইটেম ডান্স নম্বরেও নাচতে তাঁর কোনও আপত্তি নেই।
এই ধরনের গানের সঙ্গে পারফর্ম করা তিনি সত্যিই উপভোগ করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন—জনপ্রিয় কোনও অভিনেত্রী আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে পারবেন না, এমন কথা কে বলেছে?
অন্যদিকে, শোনা যাচ্ছে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন শ্রাবন্তী। এই জল্পনা কি সত্যি? বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে আজকাল ডট ইনকে দেওয়া ওই সাক্ষাৎকারেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় বললেন, "এটা আমার কাছেও গুঞ্জন। আমি জানি না কিছু।" রাজনীতিতে যোগদান নিয়ে তাঁর মত, "সেটা একটা ফেজ গেছিল। আমি এখন রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি এখন ঠাকুমার ঝুলি নিয়েই কথা বলতে চাই। ওটা যদি আলাদা রাজনীতি নিয়ে সাক্ষাৎকার হয় তখন নিশ্চয় কথা বলব। যেদিন খালি আমার সাক্ষাৎকার নেবে, কোনও কাজ প্রসঙ্গে নয়, তখন আমি সবটা খুলে বলব।"
প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দর্শক শেষবার ‘দেবী চৌধুরাণী’ ছবিতে দেখেছেন। শুভ্রজিৎ মিত্র পরিচালিত সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেত্রীর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। বক্স অফিসে পুজোর সময় জাঁকিয়ে ব্যবসা করেছিল ছবিটি। আগামীতে তাঁকে 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখা যাবে। হইচই প্ল্যাটফর্মে আগামী ২০ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে। এই সিরিজের হাত ধরেই তিনি ওয়েব দুনিয়ায় পা রাখছেন। অয়ন চক্রবর্তী সিরিজটির পরিচালনা করেছেন। এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন দিব্যানী মণ্ডল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দেবরাজ ভট্টাচার্য, প্রমুখ।
