শ্রাবন্তী চট্টোপাধ্যায় অতীতে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই দলকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উপস্থিত থেকেছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে ঘাসফুলের একাধিক অনুষ্ঠানে। যদিও এখন তাঁকে সক্রিয় রাজনীতিতে সেই অর্থে দেখা যাচ্ছে না, তবে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে শোনা যাচ্ছে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন শ্রাবন্তী। এই জল্পনা কি সত্যি?কী আজকাল ডট ইনকে কী জানালেন নায়িকা? 

বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, "এটা আমার কাছেও গুঞ্জন। আমি জানি না কিছু।" রাজনীতিতে যোগদান নিয়ে তাঁর মত, "সেটা একটা ফেজ গেছিল। আমি এখন রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি এখন ঠাকুমার ঝুলি নিয়েই কথা বলতে চাই। ওটা যদি আলাদা রাজনীতি নিয়ে সাক্ষাৎকার হয় তখন নিশ্চয় কথা বলব। যেদিন খালি আমার সাক্ষাৎকার নেবে, কোনও কাজ প্রসঙ্গে নয়, তখন আমি সবটা খুলে বলব।" 

ফলে অভিনেত্রী যে এই জল্পনার আগুনে জল ঢেলে দিলেন সেটা নয়, বরং যেন সেটাকে খানিকটা উসকে দিলেন। আগামীতে নির্বাচনের নির্ঘণ্টের পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ্যে এলে জানা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সত্যিই প্রার্থী হচ্ছেন নাকি সবটাই জল্পনা। 

সমাজমাধ্যমে মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এই যেমন কিছু দিন আগে একটি নাচের কারণে তিনি সমালোচিত হন তিনি। ট্রোলিংয়ের বিষয়ে এদিন অভিনেত্রী বলেন, "সব কিছুর তো একটা সীমা আছে। আমি অনেক উপেক্ষা করেছি৷ আমি তো নগণ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাড়ছে না৷ আমার সহকর্মীদের অনেককে ট্রোল করা হয়েছে৷" তাঁর আরও সংযোজন, "বাক্ স্বাধীনতা আছে বলেই যা খুশি বলা যায় না। নিজেদের ভিতরের ফ্রাসট্রেশন এভাবে দেখানো যায় না। এআই ব্যবহার করে জঘন্য ভিডিয়ো বানানো হচ্ছে৷ আমরা সফট টার্গেট। বাধ্য হয়ে প্রশাসনের দারস্থ হয়েছি।"

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দর্শক শেষবার 'দেবী চৌধুরাণী' ছবিতে দেখেছেন। শুভ্রজিৎ মিত্র পরিচালিত সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেত্রীর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। বক্স অফিসে পুজোর সময় জাঁকিয়ে ব্যবসা করেছিল ছবিটি। আগামীতে তাঁকে 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখা যাবে। হইচই প্ল্যাটফর্মে আগামী ২০ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে। এই সিরিজের হাত ধরেই তিনি ওয়েব দুনিয়ায় পা রাখছেন। অয়ন চক্রবর্তী সিরিজটির পরিচালনা করেছেন। এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন দিব্যানী মণ্ডল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দেবরাজ ভট্টাচার্য, প্রমুখ।