তিনি জনপ্রিয় হলিউড তারকা। সবথেকে বড় কথা তিনি 'স্পাইডারম্যান'! এই সুপারহিরোর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন টম হল্যাণ্ড। তাঁর সঙ্গে একটিবার দেখা করার জন্য পাগল প্রচুর ভক্ত। এবার তিনি যখন চাইলেন একজনের সঙ্গে দেখা করতে, কোনও পাত্তাই পেলেন না! একেবারে সত্যি ঘটনা। তাঁকে 'ঘোস্টিং' করার সেই গল্প নিয়ে অবশেষে মুখ খুললেন টম হল্যান্ড নিজেই।

একজন হলিউড। অন্যজন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। একজন ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর অন্যজন সেই বার্তার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করেননি! শোনার পর অবিশ্বাস্য মনে হলেও, এটাই বাস্তব। বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত সেই 'ঘোস্টিং' বিতর্ক নিয়ে এবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন 'স্পাইডার-ম্যান' খ্যাত অভিনেতা টম হল্যান্ড।

সম্প্রতি ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি 'দ্য ওডিসি'-র প্রচারে 'দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন'-এ হাজির হয়েছিলেন টম। সেখানেই উঠে আসে ভাইরাল হয়ে যাওয়া সেই ঘটনা। হাসতে হাসতেই অভিনেতা স্বীকার করেন, হালান্ডকে ডিনারে আমন্ত্রণ জানানোর উদ্যোগটা তিনিই নিয়েছিলেন। তবে তার বদলে যা পেয়েছিলেন, তা হল সম্পূর্ণ নীরবতা।টম বলেন, "এ ধরনের অভিজ্ঞতা অভিনেতাদের জন্য খুবই দরকার। এগুলো আপনাকে উড়তে দেয় না। মাটিতে পা রেখে চলতে সাহায্য করে।"

এরপর মজার ছলেই তিনি যোগ করেন, "ভাবলাম ওকে একটা মেসেজ করি, ডিনারে নিয়ে যাই। কিন্তু কোনও উত্তরই পেলাম না। একটা অজুহাতও নয়—'আজ ব্যস্ত আছি', 'ফুটবল খেলছি'—এমন কিছুই না। একেবারে কিছুই নয়! কোনও পাত্তাই দেয়নি।"

আসলে পুরো ঘটনাটির শুরু মোনাকো গ্রাঁ প্রিতে। সেখানে রেস দেখতে গিয়ে টমের চোখে পড়েন নরওয়ের এই গোলমেশিন। সামনাসামনি গিয়ে বিরক্ত না করে ফোনেই একটি বার্তা পাঠান তিনি। কিন্তু সেই বার্তা যে এমন আলোচনার বিষয় হয়ে উঠবে, তা কল্পনাও করেননি অভিনেতা।
তবে মজার বিষয়, উত্তর না পেলেও হালান্ডের প্রতি কোনও বিরক্তি নেই টমের। বরং তিনি বলেন, "ও অসাধারণ। সত্যিই একজন কিংবদন্তি ফুটবলার।"

এই ঘটনায় নতুন মোড় আসে যখন কিছুদিন আগে হালান্ড নিজেই জানিয়েছিলেন, কেন তিনি টম হালান্ডের বার্তার উত্তর দেননি। নরওয়ের একটি টেলিভিশন অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার অকপটে স্বীকার করেন, তিনি আদৌ বুঝতেই পারেননি বার্তাটি হলিউড তারকার কাছ থেকে এসেছে। হালান্ড বলেন, "বিষয়টা একটু লজ্জার। মোনাকোতে ফর্মুলা ওয়ান দেখতে গিয়েছিলাম। তখন একটি অচেনা নম্বর থেকে ডিনারে যাওয়ার প্রস্তাব আসে। আমি খুব একটা সিনেমা দেখি না। তাই কে মেসেজ করেছে বুঝতে পারিনি। অচেনা নম্বর ভেবেই উত্তর দিইনি।"

পরে যখন জানতে পারেন, বার্তাটি পাঠিয়েছিলেন 'স্পাইডার-ম্যান' খ্যাত অভিনেতা টম হল্যান্ড, তখন নিজের ভুল বুঝতে পারেন তিনি। হেসে হেসেই বলেন, "এখন মনে হচ্ছে আমাকেই ওকে মেসেজ করা উচিত। সত্যি বলতে, পুরো ঘটনাটাই ভুলে গিয়েছিলাম।"

এদিকে টম হল্যান্ড এখন ব্যস্ত ক্রিস্টোফার নোলানের 'দ্য ওডিসি'-র মুক্তির প্রস্তুতিতে। হোমারের অমর মহাকাব্য অবলম্বনে তৈরি এই ছবিতে ম্যাট ডেমন অভিনয় করেছেন রাজা ওডিসিউসের চরিত্রে, আর টমকে দেখা যাবে তাঁর ছেলে টেলেম্যাকাসের ভূমিকায়। ছবিতে আরও রয়েছেন জেনডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়ঙ্গ'ও, শার্লিজ থেরন ও সামান্থা মর্টনের মতো একঝাঁক তারকা।

তবে সিনেমার প্রচারের মাঝেও টম হল্যান্ডের এই ডিনার আমন্ত্রণের গল্পই এখন নেটদুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। কারণ, কখনও কখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোকেও 'সিন' না করেই রেখে দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার!