বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা নতুন জীবন শুরু করেছেন ২৬ ফেব্রুয়ারি৷ উদয়পুরে রাজকীয় ভাবে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান৷ পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন তারকাজুটি৷ অনুরাগীরা তাঁদের বিয়ের ছবি নিয়ে চর্চা করছেন৷ এমন সময় বিজয়-রশ্মিকা তাঁদের আগামী ছবির জন্য সংবাদমাধ্যমের শিরোনামে। 

বিজয়-রশ্মিকার বিয়ের পরদিন 'রণবলী'- এর টিম থেকে 'ও মেরে সাজন' নামে  একটি বিশেষ মিউজিক ভিডিয়ো প্রকাশ করা হয়৷ গানের সুরকার অজয়-অতুল৷ গানটি গেয়েছেন শ্বেতা মহান এবং জাভেদ আলি৷ এখানে বিজয়-রশ্মিকাকে দেখা যাবে৷ দু'জনের বিয়ের সুন্দর কিছু মুহূর্ত ধরা পড়েছে ভিডিয়োতে৷ 

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশেষ দিনের জন্য তোড়জোড় চলছে৷ তারপর দেখানো হয়েছে, বিয়ের ঐতিহ্য মেনে পোশাক পরেছেন বিজয়-রশ্মিকা৷  যুগলে বাড়িতে প্রবেশ করছেন৷ গানের ভিডিয়োতে বিবাহ-পরবর্তী জীবনের কিছু মুহূর্তও ধরা আছে৷ গানের মধ্যে বিজয়-রশ্মিকার মধুর প্রেমের দৃশ্য ধরা পড়েছে৷ 

গানের শেষে ভিডিয়োতে রয়েছে একটি বিশেষ বার্তা। "বিজয়-রশ্মিকাকে বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা।"
এই শুভেচ্ছাবার্তা বিজয়-রশ্মিকার পর্দার বিয়ে আর সত্যিকারের বিয়ে অর্থাৎ রিল আর রিয়েল লাইফকে মিলিয়ে দিয়েছে৷ এই ভিডিয়োর শিরোনামে লেখা হয়েছে, ''আমাদের রণবলী আর জয়াম্মার  জীবনের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য টিম রণবালীর তরফ থেকে বিশেষ উপহার।

এই ছবির নির্দেশক রাহুল সাংকৃত্যান। 'রণবলী' বিজয়-রশ্মিকা জুটির তৃতীয় ছবি৷ এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল 'গীত-গোবিন্দম্ 'এবং 'ডিয়ার কমরেড' ছবিতে৷ 

১৮৫৪-১৮৭৮ এর এই সময় ব্রিটিশ শাসনকালে ঘটে যাওয়া সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে রণবলী৷ আর্থিক ক্ষতি, সামাজিক অবক্ষয় এবং মানুষের যন্ত্রণার ছবিই ধরা আছে এই ছবিতে৷ এই ছবিতে বিজয় অভিনয় করেছেন স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায়৷ বিজয়ের চরিত্রটি শক্তিশালী এবং নির্ভীক৷ রশ্মিকা অভিনীত জয়াম্মা চরিত্রটি গল্পে প্রাণসঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে৷ মৈত্রী মুভি মেকারস্ এর এই ছবির প্রযোজক নবীন ইয়েরনেনী এবং ওয়াই রবি শঙ্কর৷ ১১ সেপ্টেম্বর ২০২৬-এ মুক্তি পেতে চলেছে রণবলী।