মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামার নাম নেই। সম্প্রতি বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর সঙ্গে নাম জড়িয়েছে ‘স্প্লিটসভিলা’ খ্যাত মডেল ও অভিনেতা সোরাব বেদীর। একটি হাই-প্রোফাইল পার্টিতে দু'জনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি মালাইকার জীবনে নতুন বসন্ত এসেছে? অবশেষে এনিয়ে মুখ খুলেছেন খোদ সোরাব।
মালাইকার সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনকে সরাসরি অস্বীকার করেছেন সোরাব। তাঁদের সধ্যে শুধু 'বন্ধুত্ব' রয়েছে বলেই উল্লেখ করেন তিনি। সোরাবের কথায়, “আমি মালাইকাকে অনেক বছর ধরে জানি। আমরা শুধু বন্ধু, আমাদের মধ্যে কিছুই বিশেষ নেই।”
সোরাব বলেন, “মডেলিংয়ের সময় ডেলনাজ দারুওয়ালা এবং ভাহবিজ মেহতা আমাকে র্যাম্পে হাঁটার সুযোগ করে দিয়েছিলেন। তাঁদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায় এবং পার্টিতে বেরতে শুরু করি। একটি পার্টিতে আমার মেন্টরদের মাধ্যমে মালাইকার সঙ্গে দেখা হয়। উনি ডেলনাজ এবং ভাহবিজের ঘনিষ্ঠ বন্ধুও। তারপর মালাইকা এবং আমার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আমাদের মধ্যে এর চেয়ে বেশি কিছুই নেই।” সোরাবের কথায় স্পষ্ট, এই ভাইরাল ভিডিও শুধু বন্ধুত্বের মুহূর্ত, কোনও রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত নয়।
ঘটনার সূত্রপাত যে ভাইরাল ভিডিওকে ঘিরে সেখানে দেখা গিয়েছে, মালাইকা এবং সোরাব দুজনেই পার্টির মেজাজে মগ্ন। একসঙ্গে হাসাহাসি করতে এবং বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন তাঁরা। ভিডিওতে সোরাবের বাহুলগ্না মালাইকা। সোরাব বেদী নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মালাইকার সঙ্গে এই বিশেষ মুহূর্তের ভিডিওটি ভাগ করেছেন, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। এই ভিডিও নিয়ে দুঃখপ্রকাশ করেছেন সোরাব। হতাশার সুরে বলেন, "মানুষ আমাদের সম্পর্কে নানা কথা বলছে। কোনও মেয়ের বিষয়ে কথা বলার আগে তাদের দু'বার ভাবা উচিত। এটা তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে।"
এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, "আমি বহু বছর ধরে ভাহবিজ, ডেলনাজ এবং মালাইকার সঙ্গে পার্টি করছি। আগে আমি মালাইকার সঙ্গে ছবি শেয়ার করতাম, কিন্তু তখন খুব একটা পরিচিত মুখ ছিলাম না। এখন আমার পরিচিতি হওয়ার মানুষের নজরে আসছে। দুজন মানুষ বন্ধু হতে পারে। আমরা একে অপরকে বিশ্বাস করি, কিন্তু মানুষ ভিন্নভাবে নিয়েছে।”
প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। কোনও রাখঢাক না রেখে দুই তারকা বেশ খুল্লামখুল্লা প্রেমের নজির সামনে আনেন। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। কিছুদিন আগে আবার ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে 'ডেটিং'-এর গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেত্রীর। বর্তমানে মালাইকা ও সোরাবের এই ভিডিওটি নিয়ে বলিপাড়ায় ফিসফাস চলছে তুঙ্গে। এখনও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মালাইকা।
