খবর আগেই পাওয়া গিয়েছিল। 'দুগ্গামণি ও বাঘমামা' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় ফিরছেন মানালি মনীষা দে। সঙ্গে থাকবেন 'বামাক্ষ্যাপা' অর্থাৎ সব্যসাচী চৌধুরী। এই বার আর কোনও সাধক নন, একেবারে অন্যরকম লুক এবং চরিত্রে দেখা যাবে তাঁকে। আর চমকে দিয়ে গুরুত্বপূর্ণ থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল এই ধারাবাহিক অর্থাৎ 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের প্রোমো। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে মানালি মনীষা দে এবং সব্যসাচী চৌধুরী বিয়ের পর গাড়ি করে বাড়ি যাচ্ছেন। তখনই স্বপ্নে নায়িকা দেখেন তাঁকে সাড়ম্বরে তাঁর শ্বশুর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। শুভাশিস অর্থাৎ তাঁর শ্বশুর তাঁকে বলেন, যেহেতু মানালির বাবা নেই, তাই তিনিই আজ থেকে তাঁর বাবা। আর সেই সময়ই চমকে ঘুম ভেঙে যায় নায়িকার। তিনি উদ্বিগ্ন হয়ে সব্যসাচীকে জিজ্ঞেস করেন তাঁকে তাঁর বাবা মানবেন কিনা। নায়ক আশ্বস্ত করেন। কিন্তু মন কি আর মানে? 

আসলে নায়িকা বাঙাল, দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটে একা বড় হয়েছে নিউক্লিয়ার পরিবারে। আর সেখানে নায়করা ঘটি, তায় যৌথ পরিবার। এমন অবস্থায় তিনি নিজেকে মানাতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দিহান। একই সঙ্গে চিন্তিত তাঁর শ্বশুর তাঁকে মানবেন কিনা। আর সেই সময়ই দেখা যায় শুভাশিস মানালিকে বউমা হিসেবে মানবেন না বলে জানিয়ে দেন। এমন অবস্থায় শ্বশুর যখন বউয়ের দিকে রাইফেল তাক করে, তখন বউমাও জোড়া বন্দুক তাক করে শ্বশুরের দিকে। এ হেন বাড়িতে সংসার নামক কোন সংকীর্তন চলবে সেটাই এখন দেখার। 

তবে এই প্রোমো দেখে ভারী মজা পেয়েছেন দর্শক। গল্প যে ভরপুর মজা এবং টুইস্টের হবে সেটা স্পষ্ট। এই সময় দাঁড়িয়ে একঘেঁয়ে গল্পের মাঝে এটি যে বেশ অন্য রকম হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সংসারের সংকীর্তন ধারাবাহিকটি কবে থেকে দেখা যাবে, কখন দেখা যাবে সেটা স্পষ্ট নয়। ফলে এখনও বোঝা যাচ্ছে না কোন ধারাবাহিক শেষ হচ্ছে। 

প্রসঙ্গত, কেবল 'সংসারের সংকীর্তন' নয়, এই চ্যানেলে আসছে 'ঘূর্ণি' নামক আরও এক ধারাবাহিক। সেখানে থাকবেন 'গীতা এলএলবি' খ্যাত অভিনেতা কুণাল শীল। ফলে এই দুই ধারাবাহিকের আগমনে কোন ধারাবাহিকের কপাল পুড়বে সেই দিকেই নজর থাকবে।