সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস মারাঠি' সিজন ছয়-এর নির্মাতাদের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ তুলে বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করেছেন অভিনেত্রী সোনালী রাউত। শো-টির অন্দরমহলের শোচনীয় পরিস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তাঁর এই বিস্ফোরক দাবি সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সোনালী জানিয়েছেন যে, নোংরা পরিবেশের কারণে তিন চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর দাবি, সেখানে মরা ইঁদুর ও আরশোলার ছড়াছড়ি ছিল। সমাজমাধ্যমে সোনালী নিজের শরীরের বিভিন্ন অংশের, বিশেষ করে পিঠ, হাত, পা এবং বুকের র্যাশ ও দাগের ভিডিও শেয়ার করেছেন। এর আগে দেওয়া এক বিবৃতিতে সোনালী 'বিগ বস'-এর ঘরের ভিতরের শোচনীয় অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন।
সোনালী বলেন, "পরিবেশটা অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। রান্নাঘরের ভিতরে বড় বড় ইঁদুর সমস্ত সবজি খেয়ে ফেলছিল এবং সেই একই জিনিস প্রতিযোগীদের জন্য রান্নায় ব্যবহার করা হচ্ছিল। 'উইকেন্ড কা ওয়ার'-এর সময় এন্ডেমল প্রোডাকশন থেকে যে খাবার আসত, তার ভিতর থেকেও আরশোলা বেরিয়ে আসত। শাস্তির অংশ হিসেবে ১৭ জন প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হতো। সেই বাথরুমের ভিতরেই মানুষ ধূমপান করত, নোংরা ফেলত, এমনকী খাবারও খেত, সেখানেও ডিমের খোসা এবং মরা ইঁদুর পড়ে থাকত। আপনারা তো জানেনই যে নারী ও পুরুষের আলাদা শৌচালয়ের প্রয়োজনীয়তা।"
তিনি আরও অভিযোগ করেন যে, সেখানে থাকাকালীন প্রয়োজনীয় জিনিসেরও অভাব ছিল। সোনালী জানান, "এমনও সময় গিয়েছে যখন আমি খিদে সহ্য করে থাকতাম, ঠিকমতো খাবার পেতাম না এবং ঘুমাতেও পারতাম না।মাইক্রোওয়েভ ও কাপড় শুকানোর যন্ত্রের মতো ইলেকট্রনিক সরঞ্জামগুলো 'বিগ বস' হিন্দি থেকে আনা হয়েছিল, কারণ সেগুলোতে আগের প্রতিযোগী যেমন আমাল, তানিয়া এবং মৃদুলের নামের স্টিকার লাগানো ছিল। ওই যন্ত্রগুলো মোটেও স্বাস্থ্যকর ছিল না এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হতো না।"
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোনালী যোগ করেন, "আমার চুক্তিনামা অন্য প্রতিযোগীদের সঙ্গেও শেয়ার করা হয়েছিল, যা এক কথায় বিশ্বাসের অমর্যাদা। আমি প্ল্যাটফর্মটিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু বিনিময়ে আমার স্বাস্থ্য এবং সুস্থতার সঙ্গে আপস করা হয়েছে। এর একটা বিহিত করা প্রয়োজন, যাতে অন্য কাউকে এভাবে কষ্ট পেতে না হয়।"















