শুটিং ফ্লোরে আবারও বিপত্তি। গত কয়েক মাসে একাধিকবার বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় শুটিং চলাকালীন বিপদে পড়েছেন অভিনেতা, কলাকুশলীরা। সম্প্রতি একই ভাবে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সোমা ব্যানার্জি। হাত ভেঙেছেন তিনি। কিন্তু কী করে? 

'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের নতুন প্রোমো সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা গিয়েছে বড় মেয়ে স্বাতীর সঙ্গে টাকা নিয়ে যখন 'অন্ন মা' ওরফে অন্নপূর্ণা ফিরছে তখন ছিনতাইবাজের খপ্পরে পড়ে, সর্বস্ব হারায়। আর এই দৃশ্যের শুটিং করতে গিয়েই হাত ভেঙেছেন সোমা ব্যানার্জি। 

এদিন আজকাল ডট ইনকে বলেন, 'হাতটা সত্যিই ভেঙেছে। সেদিন যে টাকার প্যাকেট ছিনতাইয়ের দৃশ্য ছিল সেটা করার সময়ই ঘটনাটা ঘটে। আমার হাতে প্যাকেটটা জড়ানো ছিল। আর বাইকটা তো ফোর্সে বেরিয়েছে ওটা টেনে নিয়ে, যেমন দৃশ্যের প্রয়োজন ছিল, তাতেই আঙুলের হাড় সম্পূর্ণ সরে গিয়েছে।' 

ভাঙা হাত নিয়েই সেদিন শুটিং করেন। পরদিন এক্সরে করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। শুটিং ফ্লোরের সকলে দারুণ সাহায্য করেছেন বলেও জানান তিনি। তবে আহত হয়ে মোটেই বসে নেই। কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। হাতে ক্লিপিং করতে হয়েছে তাঁর। তবে সেটা অন্ন মায়ের লুকের সঙ্গে যাবে না বলে ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই শুটিং করছেন। এমনকী, এই অবস্থায় সহ-অভিনেতা, অভিনেত্রীদের জন্য রান্না করেও নিয়ে আসছেন তিনি। 

প্রসঙ্গত 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকটি সবেই শুরু হয়েছে। অন্নপূর্ণার চরিত্রে দেখা যাবে সোমা ব্যানার্জিকে। তাঁর বড় মেয়ে স্বাতীর ভূমিকায় রয়েছেন ইপ্সিতা মুখার্জি। মেজ মেয়ে স্নেহার চরিত্রে দেখা যাচ্ছে স্বস্তিকা ঘোষকে। ছোট মেয়ে সোমার ভূমিকায় প্রিয়দর্শিনী। ধারাবাহিকের নায়ক রাজার ভূমিকায় রয়েছেন সৌম্যদীপ মুখার্জি। ১ জুন থেকে শুরু হয়েছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের পথ চলা। এটি সন্ধ্যা ৭ টা থেকে প্রতিদিন দেখা যায়। সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়।