বিগত প্রায় বছর দুই আড়াই ধরেই টলিউডের অন্দরে কান পাতলে শোনা যেত সোহম মজুমদারের সঙ্গে নাকি প্রেম করছেন শোলাঙ্কি রায়। যদিও তাঁরা কখনই এই জল্পনাকে স্বীকৃতি দেননি। বরং নিজেদের বরাবরই ভাল বন্ধু বলে দাবি করে এসেছেন। এবার কি তবে তাঁদের সেই বিশেষ সম্পর্কে ফাটল ধরল?
এদিন সমাজমাধ্যমে নিজেকে সিঙ্গল বলে ঘোষণা করেন শোলাঙ্কি রায়। আর তাঁর সেই পোস্ট দেখেই ভ্রু কুঁচকেছে নেটপাড়ার। প্রশ্ন উঠছে তবে কি তাঁর আর সোহমের সম্পর্কে চিড় ধরল? দু'জনে আলাদা হলেন? জল্পনা তেমনই।
ঠিক কী লিখেছেন শোলাঙ্কি রায়? অভিনেত্রী এদিন একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে লেখা, 'লোকজন জিজ্ঞেস করে তুমি সিঙ্গল কেন? আমি বলি, আমার মনে হয় আমি অতিরিক্ত কোয়ালিফায়েড।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৪ সাল থেকে তাঁদের প্রেমের জল্পনা শুরু হয়েছে। তাঁদের কিছু ছবির ব্যাগ্রাউন্ড, একসঙ্গে প্রিমিয়ার, বা অন্য ইভেন্টে যাওয়া দেখে দুইয়ে দুইয়ে চার করেছিল তাঁদের অনুরাগীরা। মুম্বইয়ে 'অতি উত্তম' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে তাঁদের একত্রে দেখা যায়। এছাড়া তাঁরা প্রকাশ্যে একে অন্যকে নিয়ে একাধিক লাভিডাভি পোস্ট শেয়ার করতেন তাঁদের বিশেষ দিন যেমন জন্মদিন ইত্যাদিতে। যদিও এই চর্চাকে সবসময়ই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। জানিয়েছেন, তাঁরা কেবলই ভাল বন্ধু।
প্রসঙ্গত, শোলাঙ্কি রায় অতীতে শাক্য বসুকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। কিন্তু ২০২৩ সালে তাঁরা তাঁদের দাম্পত্য জীবনে ইতি টানেন। এরপরই সোহম মজুমদারের সঙ্গে তাঁর নাম জড়ায়। শোলাঙ্কি রায়কে দর্শক শেষবার 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে দেখা গিয়েছে। এছাড়া তিনি সোহাগ সেনের পরিচালনায় একটি শ্রুতি নাটকে অংশ নিয়েছিলেন। অন্যদিকে সোহমকে দর্শক শেষবার 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' -এ দেখেছেন।
















