শুটিংয়ের ফাঁকে সামান্য অবসর পেলেই শান্তিনিকেতনের টান এড়াতে পারেন না অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গে থাকেন তাঁর স্বামী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। বসন্তের এই ভরা সময়েও তার ব্যতিক্রম হল না। দু’জনে এসে উঠেছিলেন শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। সমাজমাধ্যমে সোহিনীর পোস্ট থেকেই মিলেছে স্পষ্ট ইঙ্গিত—পূর্বপল্লীর ‘তবু মনে রেখো’ নামের বাড়িটিই ছিল তাঁদের এবারের ঠিকানা।
সম্প্রতি একটি ছোট্ট দৃশ্যচিত্র ভাগ করে নিয়েছেন সোহিনী। ভোরের নরম আলো তখন সদ্য ছুঁয়ে গেছে শান্তিনিকেতনের মাটি। পূর্বপল্লীর নিরিবিলি রাস্তায় আপনমনে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। কখনও এ গলি, কখনও ও গলি—নির্জন সকালের আলোয় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভোরের টুকরো আলো এসে পড়ছে তাঁর চোখেমুখে। কখনও হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছেন বোগেনভেলিয়ার ডাল, আবার কখনও হাঁটু গেড়ে বসে কুড়িয়ে নিচ্ছেন পথের ধারে ছড়িয়ে থাকা গোলাপি কাগজি ফুল। এই দৃশ্যের আবহে বেজে চলেছে তোমাকেই ভাল লেগেছে গানের সুর।
এমনিতেই টলিপাড়ার অন্য অভিনেত্রীদের তুলনায় সোহিনীর সাজপোশাক ও উপস্থিতির ভঙ্গি একটু আলাদা। শান্তিনিকেতনের মাটিতে তাঁর সহজ-স্বাভাবিক সাজ যেন আরও বেশি আকর্ষণীয়। বসন্তের আবেশ মেখে কালো রঙের শাড়ি জড়িয়ে নির্ভার ভঙ্গিতে তাঁর ঘুরে বেড়ানো যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টিনার ব্যক্তিত্বকে। কপালে ছোট্ট টিপ, চোখের কোণে কাজলের টান, কাঁধ ছাপানো এলোমেলো চুল—সব মিলিয়ে সোহিনীর সৌন্দর্য যেন এক লহমায় হয়ে উঠেছে আরও মোহময়ী।
