সম্প্রতি রটে যায় সোহম মজুমদার এবং শোলাঙ্কি রায় নাকি তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন। যদিও তাঁরা কখনই প্রকাশ্যে স্বীকার করেননি যে তাঁরা সম্পর্কে রয়েছেন। বরাবরই নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু বুধবার শোলাঙ্কি একটি ইঙ্গিতবহ ছবি পোস্ট করতেই শুরু হয় জল্পনা। এর মধ্যে সোহম মজুমদারের পরিবারে নেমে এল একের পর এক বিপদ। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে কী জানালেন অভিনেতা?
এদিন সোহম মজুমদার জানান সম্প্রতি তাঁর একটি ছোট সার্জারি হয়েছে। কিন্তু কী সার্জারি? জানা গিয়েছে, হার্নিয়া অপারেশন হয়েছে তাঁর। এছাড়া তিনি তাঁর দাদুকে হারিয়েছেন। তাঁদের বাড়ির বহুদিনের পুরনো পরিচারিকা হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ঠাকুমার স্বাস্থ্যও বিশেষ ভাল নেই। সবটা মিলিয়ে একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যে তিনি যাচ্ছেন সেটাই যেন এদিন স্পষ্ট করে দিলেন।
সোহম মজুমদার লেখেন, 'গত ২ মাস আমার এবং আমার পরিবারের মারাত্মক কেটেছে। আমি সাধারণত এই ধরনের জিনিস শেয়ার করি না, আমার মতে, শোক খুব ব্যক্তিগত একটা জিনিস। কিন্তু এখন মনে হচ্ছে, এটা শেয়ার করলে আমি একটু হালকা হতে পারব। আমার দাদু, মায়ের বাবার চলে যাওয়া দিয়ে বিষয়টা শুরু হয়নি আমার ঠাকুমাকে, বাবার মা প্রতি সপ্তাহে দুটো করে ডায়ালিসিস করাতে হচ্ছে। তারপরও তিনি শক্ত থাকার চেষ্টা করছেন। আমার নিজের একটা ছোট সার্জারি হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। আমাদের বহু পুরনো রাঁধুনি, মৌসুমীদি মাত্র ৪৫ বছরে মারা গেলেন। একদিন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, তারপরের দিন তিনি আর নেই। আর এই প্রতিটি ঘটনা আমার আর আমার মায়ের উপর ঠিক কী প্রভাব ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।'
















