বিয়ের ক'দিনের মধ্যেই নতুন বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হল! শ্বশুরবাড়িতে এসেই বিরাট সমস্যার মুখে টলিপাড়ার এই নায়িকা। তবে এসব কিছুই বাস্তবে নয়, বরং ঘটেছে ছোটপর্দায়। কথা হচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'র। এই ধারাবাহিকে প্রথমে দেখানো হয় রাহুল তিতলিকে ভালবাসে, বিয়ে করতে চায়। কিন্তু বিয়ের দিন রাহুলকে বিয়ে না করে চলে যায় তিতলি। সেই সময় রাহির সঙ্গে গাঁটছড়া বাঁধে নায়ক তাও বাবার কথায়। এদিকে রাহি রাহুলকে ভালবাসলেও, তার বেটার হাফ তাকে ভালবাসে না বলে সেও এই সম্পর্ক থেকে মুক্ত হতে চায়। তার মধ্যেই ওদের দুজনের মাঝে কাঁটা হয়ে ফিরে এসেছে তিতলি। 

এদিকে প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, রাহিকে বাড়ির কোথাও খুঁজে পাচ্ছে না রাহুল। বাড়ির সবার মুখ থমথমে। রাহুল তার বোনকে জিজ্ঞাসা করতেই সে জানায়, পিসিঠাম্মা রাহিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনা জানতে পেরে রাহুল দিশেহারা হয়ে যায়। রাহিকে বারবার ফোন করে সে, কিন্তু রাহিকে কোনওভাবেই যোগাযোগ করতে পারে না সে। কীভাবে রাহিকে খুঁজে বের করবে রাহুল? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


প্রসঙ্গত, কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল নববর্ষ উপলক্ষ্যে রাহুলের বাড়িতে জমাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রবীন্দ্র সঙ্গীতের গানের তালে নাচ করছে রাহি। নতুন বউয়ের গুণে মুগ্ধ তার গোটা শ্বশুর বাড়ি। রাহির নাচ শেষ হতেই তার শ্বশুর লক্ষ্য করে যে সেখানে রাহুল নেই। তিনি জানতে চান সে কোথায়। আর সেই সময়ই রাহি খেয়াল করে যে তার বোন তিতলিও নেই। 

এরপরই দেখা যায় রাহুল এবং তিতলি একসঙ্গেই আছে, তাদের বাড়ির ছাদে। তিতলি তার জামাইবাবুকে জোর করতে থাকে এটা বলার জন্য যে সে নাকি ওকে ছাড়া বাঁচবে না। কিন্তু রাহুল সেটা বলে না। বরং ওর হাত ছাড়িয়ে চলে যেতে চায়। তবে তিতলি এক কথা বলে যেতেই থাকে। সেই সময় রাহুল কান্না ভরা চোখে বলে, বেশ তারা একসঙ্গে না বাঁচলেও, মরতে পারে। সে এই কথা বলে সঙ্গে সঙ্গে তিতলির হাত ধরে ছাদ থেকে ঝাঁপ মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু তিতলি তাতে রাজি নয়। সে বারবার হাত ছাড়িয়ে নিতে চায়। পরে দেখা যায় তিতলি ও রাহুল দু'জনেই সুস্থভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।‌


প্রসঙ্গত, কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে এই মেগার টাইম স্লটের। প্রথমে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যেত ‘শুধু তোমারই জন্য’। এখন সেটা সাড়ে দশটার থেকে দেখা যায় রোজ স্টার জলসার পর্দায়। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন দীপান্বিতা রক্ষিত ও শুভ্রজিৎ সাহা।