অরিজিৎ সিং-এর পর এবার কি তবে শ্রেয়া ঘোষালের অবসর নেওয়ার পালা? সম্প্রতি বিনোদন জগতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত কয়েকদিন আগেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক করা থেকে দীর্ঘ বিরতি নিতে চান। সেই রেশ কাটতে না কাটতেই এবার 'সুর সম্রাজ্ঞী' শ্রেয়া ঘোষালও বিরতির সুর তুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, তিনিও বর্তমানে যথেষ্ট ক্লান্ত এবং ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও নাকি ভাবছেন।
সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল স্পষ্ট জানিয়েছেন যে গানের জগতে এখন যে ধরনের পরিবর্তন আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা সব সময় আনন্দদায়ক হচ্ছে না। বিশেষ করে লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক কারসাজির মাধ্যমে গান গাওয়ার প্রবণতাকে তিনি একেবারেই সমর্থন করেন না। শ্রেয়া বলেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।”
অরিজিতের বিরতি নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রেয়া ঘোষাল জানান যে তিনি অরিজিতের এই সাহসের যথাযথ সম্মান করেন। দীর্ঘ সঙ্গীত জীবনের ক্লান্তিকর পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে তিনি অকপটে বলেন, “আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে।” অরিজিতের গানের প্রতি সততার প্রশংসা করে তিনি বলেন যে অরিজিৎ হলেন “হৃদয় থেকে আসা একজন সঙ্গীতশিল্পী।” তিনি আরও যোগ করেন যে কোনও লাভের কথা ভেবে নয়, বরং যা তাঁকে আনন্দ দেয় তা করার মাধ্যমেই অরিজিতের সঙ্গীতের প্রতি ভালবাসা প্রকাশ পায়।
পাশাপাশি মঞ্চে পারফর্ম করা নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে শ্রেয়া বলেন যে তিনি সরাসরি গাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। লিপ-সিঙ্ক বা মিমিং করার চেয়ে গান ছেড়ে দেওয়াকেই তিনি শ্রেয় মনে করেন। তাঁর কথায়, “যেদিন আমাকে ওসব করতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” তিনি জোর দিয়ে বলেন যে সরাসরি গান গাওয়াই তাঁর মূল পরিচয়। দর্শকদের প্রতি শিল্পীদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন যে সঙ্গীতের মাধ্যমে অনুপ্রেরণা ও প্রশান্তি পৌঁছে দেওয়া একজন শিল্পীর কাজ। শ্রেয়ার মতে, যতক্ষণ তাঁর কণ্ঠের জোর আছে, ততক্ষণ শ্রোতাদের করতালি আর ভালবাসাই তাঁকে গান গেয়ে যাওয়ার শক্তি জোগাবে।
