গত বছর মুক্তি পেয়েছিল 'জারিয়া'। সুমন মৈত্রর পরিচালনায় নিখাদ ভালবাসার গল্প বলেছিল এই ছবি। বছর ঘুরে এবার আসছে ছবির সিক্যুয়েল। তবে এবার মুখ্য চরিত্রে বদল এসেছে। গতবার দেখা গিয়েছিল রাজেশ্বর ও অমৃতা চ্যাটার্জিকে। এবার রাজেশ্বর থাকলেও নায়িকার চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে। 

গল্পে নায়ক হিসেবে রাজেশ্বরকেই দেখা যাবে। তবে প্রথম ভাগের সঙ্গে এই দ্বিতীয় ভাগের কী মিল রয়েছে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যেই শুটিং সেরেছে ছবির টিম। পাহাড়ের বুকে এবার ভালবাসার গল্প জমে উঠবে। খুব তাড়াতাড়িই আসছে 'জারিয়া ২'। শ্রীমা ও রাজেশ্বরের জুটিকে দর্শক প্রথমবার দেখবেন। পর্দায় তাঁদের রসায়ন কতটা মন কাড়ে এখন সেটাই দেখার।

প্রথম ভাগের গল্প অনুযায়ী শহরের কফিহাউস, গলিপথ আর রাতজাগা আলোয় মোড়া এই গল্পে আমরা যাই রেডিও জকি ও প্রতিভাবান গিটারিস্ট অর্জুনের সঙ্গে, যার গভীর রাতের শো ‘জারিয়া’ জুড়ে দেয় সুর, গল্প আর আবেগের সেতু।

একদিন তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যায় তুলিকা, এক স্বাধীনচেতা ফিল্মমেকার, যে শহরের না-বলা কাহিনিগুলো ধরে রাখতে চায় ক্যামেরার চোখে। ক্যাফের এক সুরেলা সন্ধ্যায় তাঁর সঙ্গে অর্জুনের পরিচয়, আর সেই মুহূর্ত থেকেই তাদের দু’জনের যাত্রা শুরু। গান আর ছবির ভাষায় তাঁরা খুঁজে পান একে অপরকে আর খুঁজে পান শহর কলকাতার প্রাণ।

জারিয়া ছবির গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছিলেন সুমন মৈত্র। মুখ্য চরিত্রে ছিলেন রাজেশ্বর, অমৃতা চট্টোপাধ্যায়, তপতী মুনশি। এই রোম্যান্টিক ছবির প্রযোজক ছিলেন অনিমেষ গাঙ্গুলি, আর প্রযোজনায় বেল জার ফিল্মস। ছবির সিক্যুয়েলও এই প্রযোজনার সংস্থার ব্যানারেই আসছে।