মাঝরাতে জন্মদিন পালন করলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। রাত ১২টায় কে এসে শ্রীমার দরজায় কড়া নাড়লেন? জন্মদিনে নিজেই সমাজমাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন শ্রীমা। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে বাড়ির সবার সঙ্গে কেক কাটছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে শ্রীমা লেখেন, 'হঠাৎ দেখি দরজায় নক! “দিদি একটু আমার রুমে আসবি ?” গিয়ে দেখি, ছোটবেলার মতো সারা ঘর সাজানো বেলুন, মোমবাতি, কেক আর ফুল দিয়ে... একটু ইমোশনাল আর অনেকটা হ্যাপি হয়ে যাওয়া ছোট শ্রীমা আজও সেম আছে...“কিছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া”
এই ভালোবাসাই আমার ভালো থাকার রসদ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

টেলিভিশনের পর্দার মাধ্যমে দর্শক মহলে পরিচিত শ্রীমা ভট্টাচার্য। তাঁকে দর্শক দেখেছেন ওটিটিতেও। যদিও বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, এবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা যেতে চলেছে তাঁকে।

আসলে পরিচালনায় হাতেখড়ি হওয়ার পর থেকেই বিভিন্ন ঘরানার ছবিতে হাত পাকিয়ে চলেছেন পরিচালক শৌভিক দে। ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলারের পর এবার হরর-কমেডির মিশেলে ছবি তৈরি করতে চলেছেন তিনি। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যেতে চলেছে এই দুই তারকাকে। 

এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আরিয়ান ভৌমিক ও দেবরাজ ভট্টাচার্যকে। এছাড়াও ভৌতিক ঘরানার এই ছবির সঙ্গে মিশবে কমেডি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই ছবির। পাহাড়ি অঞ্চলে হয়েছে এই ছবির শুটিংয়ের কিছুটা অংশ।‌ বাকিটা কলকাতায় হতে চলেছে। 

এই প্রথমবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে জুটি হিসেবে দেখবেন দর্শক। তাঁদের জুটিকে নিয়েই এগোবে গল্প। গল্পের মোড়ে ভৌতিক কাণ্ডের খপ্পরে পড়বেন তাঁরা। কিন্তু কীভাবে উদ্ধার হবেন বিপদ থেকে? সেই উত্তর দেবে এই ছবি। জানা যাচ্ছে, আপাতত ছবির নাম ঠিক হয়েছে 'আইসিইউ'। তবে এটাই ছবির চূড়ান্ত নাম কিনা, তা যদিও জানা যায়নি। 

তবে আগামীতে শ্রীমার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তাঁকে দেখা যাবে 'টেককেয়ার ভালবাসা'তেও। এই ছবিতে শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায় ও রাহুল মজুমদারের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়াও মুক্তি পেতে চলেছে শৌর্য দেব-এর পরিচালনায় 'প্রোমোটার বৌদি'। সেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে দেখা যাবে তাঁকে।