লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে পপ-তারকা রিহানার বাড়ি লক্ষ্য করে আচমকাই কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়! স্বভাবতই গুলি চালার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে ঘটেছে এই ঘটনা। তারপরেই দ্রুত অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট। তদন্তে জানা যায়, একটি গাড়িতে করে এসে এক মহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে পরপর সাত রাউন্ড গুলি চালিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে প্রায় ১২ কিলোমিটার দূরে তাঁর গাড়ির সন্ধান মেলে এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের বাক্সও উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার সময় নাকি বাড়ির ভিতরেই ছিলেন রিহানা! এমনটাই জানিয়েছে পুলিশ। তবে সৌভাগ্যবশত গুলি চালানোর ঘটনায় কেউ আহত হননি। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় প্রকাশ করেনি পুলিশ, তবে তাঁর বয়স তিরিশের আশেপাশেই বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সঙ্গীতের গতের অন্যতম প্রভাবশালী শিল্পী রিহানা। রিহানার আসল নাম রবিন ফেন্টি। ২০০০-এর দশকের শুরুতেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। ‘পন ডে রিপ্লে’ এবং ‘আমব্রেলা’-র মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি দ্রুত পপ কালচারের শীর্ষে উঠে আসেন।

শুধু সঙ্গীত নয়, ব্যবসাতেও সমান সফল বার্বাডোজে জন্মানো এই তারকা। তাঁর প্রতিষ্ঠিত বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি অন্তর্বাসের ব্র্যান্ডও গড়ে তুলেছেন তিনি। ফোর্বস-এর হিসাব অনুযায়ী, ৩৭ বছর বয়সি এই শিল্পীর সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি!

ব্যক্তিগত জীবনেও গত এক বছরে একাধিক কারণে শিরোনামে ছিলেন রিহানা। গত বছর তাঁর সঙ্গী  র্যা পার রকি-র সঙ্গে তাঁদের তৃতীয় সন্তানের জন্ম দেন তিনি। উল্লেখ্য, তাঁদের আরও দু'টি ছেলে রয়েছে। তাদের নাম রায়ট এবং আরজেড।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতেও আলোচনায় আসে এই দম্পতির নাম। একটি পুরনো মামলায় বন্ধুর দিকে গুলি চালানোর অভিযোগ থেকে আদালতে নির্দোষ প্রমাণিত হন  রিহানার সঙ্গী। সেই সময় আদালতেও উপস্থিত ছিলেন রিহানা এবং তাঁদের দুই সন্তান।

সব মিলিয়ে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে এই আন্তর্জাতিক তারকার নাম। আপাতত জোর তদন্ত চলছে। কেন তাঁর বাড়িকে লক্ষ্য করে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।