আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি এখন বক্স অফিসের নতুন ইতিহাস। রণবীর সিং থেকে সঞ্জয় দত্ত—তারকাখচিত এই ছবিতে খলনায়ক 'রেহমান ডাকাত'-এর চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় সমালোচক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এই আইকনিক চরিত্রে অক্ষয় নয়, বরং অন্য কাউকে দেখতে চেয়েছিলেন ব্যাড ম্যান গুলশন গ্রোভার এবং বলিউডের ‘শটগান’ শত্রুঘ্ন সিনহা!

 

 

বলিউডের বক্স অফিস এখন কাঁপছে ‘ধুরন্ধর ২’-এর দাপটে। বিশ্বজুড়ে ১৭০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাওয়া এই ছবিতে অন্যতম চর্চিত চরিত্র হলো 'রেহমান ডাকাত'। অক্ষয় খান্নার সেই দুর্ধর্ষ অভিনয়ের রেশ থাকতেই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন বলিউডের 'ব্যাড ম্যান' গুলশন গ্রোভার। তাঁর দাবি, অক্ষয় খান্নার ওই চরিত্রে তাঁকে আরও বেশি ভাল মানাত! আর এ মত তাঁর একার নয়। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহারও নাকি তাঁর মত।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুলশন গ্রোভার জানান, কয়েকদিন আগেই শত্রুঘ্ন সিনহা এবং রাকেশ রোশনের সঙ্গে তাঁর ডিনারে দেখা হয়েছিল। সেখানে ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার সময় শত্রুঘ্ন সিনহা সরাসরি গুলশনকে বলেন, “আমি ধুরন্ধর দেখেছি। গুলশন, এই ছবিতে তোমার থাকা উচিত ছিল। অক্ষয় খান্না যে রেহমান ডাকাতের চরিত্রটি করেছে, সেখানে তুমি থাকলে বিষয়টা আরও দুর্দান্ত হত।”শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে গুলশন গ্রোভার হাসতে হাসতে বলেন, “আমিও ওঁর সঙ্গে একমত। দর্শকরাও হয়তো সেটাই মনে করেন।”


কথায় কথায় গুলশন গ্রোভার আরও জানান যে, বলিউডে পুরনো ঘরানা আবারও ফিরে আসছে। বেল-বটম প্যান্ট থেকে শুরু করে পুরনো দিনের শক্তিশালী অ্যান্টি-হিরো চরিত্র—সবই এখন নতুন মোড়কে ফিরছে। তাঁর মতে, ‘ধুরন্ধর’-এর মতো ছবিগুলো সেই ক্ল্যাসিক ঘরানার কথাই মনে করিয়ে দেয়।


২০২৫-এর ডিসেম্বরে প্রথম কিস্তি আর ২০২৬-এর ১৯ মার্চ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধরের এই স্পাই থ্রিলার এখন বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি। নতুন ছবি মুক্তি পেলেও বক্স অফিসে এর জয়রথ থামানো যাচ্ছে না। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১৭০০ কোটির মাইলফলক ছুঁয়ে রেকর্ড গড়েছে এ ছবি।