পরিচালক হিসেবে আহমেদ খানের অভিষেক হয়েছিল ২০০৪ সালে ‘লকির: ফরবিডেন লাইনস’ ছবির মাধ্যমে। কিন্তু খুব কম মানুষই জানেন, তাঁর প্রথম পরিচালিত ছবি হওয়ার কথা ছিল শাহরুখ খানকে নিয়ে। শুধু অভিনয়ই নয়, ছবিটির প্রযোজনার দায়িত্বও নেওয়ার কথা ছিল কিং খানের। সবকিছু ঠিক থাকলেও শেষ পর্যন্ত সেই ছবি আর তৈরি হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্পই সামনে আনলেন আহমেদ খান। তাঁর কথায়, “‘লকির’-এর আগেই আমি ‘সবর’ নামে একটি ছবি লিখেছিলাম। সেখানে শাহরুখের ডাবল রোলে অভিনয় করার কথা ছিল। গল্পটা ছিল দাদু ও নাতিকে ঘিরে। নাতির জন্মের আগেই দাদুর মৃত্যু হলেও, মায়ের গর্ভে থাকতেই দাদুর গল্প শুনে শুনে তাঁর সঙ্গে এক অদ্ভুত আবেগের বন্ধন তৈরি হয় শিশুটির। খুবই আবেগঘন গল্প ছিল সেটি।”
শুধু শাহরুখই নন, ছবির সঙ্গীত পরিচালনার জন্য রাজিও হয়ে গিয়েছিলেন এ আর রহমান। আহমেদ জানান, গল্প শুনেই শাহরুখ ছবিটি করতে সম্মতি দিয়েছিলেন। সেই সময় ড্রিমজ আনলিমিটেড-এর ব্যানারে একসঙ্গে দুই কোরিওগ্রাফারকে পরিচালক হিসেবে লঞ্চ করার পরিকল্পনা ছিল শাহরুখের—ফারাহ খান এবং আহমেদ খান।
কিন্তু সেখানেই আসে বাধা।
আহমেদ বলেন, “শাহরুখের প্রথম প্রতিশ্রুতি ছিল ফারাহর ছবির প্রতি। আমার ধারণা ছিল, ওর ছবি শেষ হলেই আমার কাজ শুরু হবে। তাই আমার বিষয়টি এগোয়নি।” কিন্তু ফারাহ খানের ‘ম্যায় হুঁ না’-র শুটিং বারবার পিছিয়ে যেতে থাকে। শাহরুখও তখন একাধিক ছবির কাজে ব্যস্ত। দীর্ঘ অপেক্ষায় অধৈর্য হয়ে পড়েন আহমেদ।
আহমেদের কথায়, “শাহরুখ কিন্তু আমাকে বলেছিলেন, ‘কোথাও যেও না। তোমার প্রথম ছবিটা আমার সঙ্গেই হবে।’ বড় ভাইয়ের মতো করে বলেছিল। কথাগুলো আজও মনে আছে। কিন্তু এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না।”
অবশেষে শাহরুখের অপেক্ষা না করে ‘লকির’ পরিচালনার সিদ্ধান্ত নেন আহমেদ। তবে এই সিদ্ধান্তে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কোনও প্রভাব পড়েনি। আহমেদের কথায়, “‘সবর’ ছবিটা আর কখনও কাউকে নিয়ে বানানোর কথা ভাবিনি। ওটা শুধু শাহরুখের জন্যই লেখা হয়েছিল। তবে আমি এখনও বিশ্বাস করি, ভাল গল্পের জন্য কখনও খুব দেরি হয়ে যায় না।”















