বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং গৌরী খান নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ অন্তরাল বজায় রাখতে পছন্দ করেন। তবে মাঝে মাঝেই কিং খানের এমন কিছু অজানা মানবিক ও আবেগঘন গল্প সামনে আসে, যা ওঁর প্রতি অনুরাগীদের শ্রদ্ধাবোধ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি নেটপাড়ায় গৌরীর মামার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি শাহরুখের এক চরম সংবেদনশীল রূপের খোলসা করেছেন। নিজের প্রিয় পোষা কুকুরের মৃত্যুর পর গভীর রাতে শাহরুখ কী কাণ্ড ঘটিয়েছিলেন, সেই গল্পই উঠে এসেছে এই ভিডিওতে।

 এক সাক্ষাৎকারে গৌরীর মামা জানান, কীভাবে তিনি ভাগ্নি গৌরীকে একটি চিনা পিকিনিজ  প্রজাতির কুকুর উপহার দিয়েছিলেন এবং কীভাবে ধীরে ধীরে সেই ছোট্ট চারপেয়ে সদস্যটি শাহরুখের প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছিল।

গৌরীর মামা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, একবার শাহরুখ যখন একটি ছবির নাইট শিফ্টের শুটিংয়ে ব্যস্ত ছিলেন, তখন আচমকাই ওঁর প্রিয় পোষ্যটি মারা যায়। বাড়ির কর্মীরা শাহরুখকে না জানিয়েই মৃতদেহটি একটি কাপড়ে জড়িয়ে মন্নতের কাছের সমুদ্রসৈকতে বালির নীচে কবর দিয়ে দেয়।দেরি করে শুটিং থেকে ফিরে যখন শাহরুখ এই খবর পান, তখন ওঁর বুক ফেটে কান্না আসে। রাগে এবং শোকে স্তম্ভিত হয়ে যান অভিনেতা। 

গৌরীর মামা সেই রাতের রোমহর্ষক ঘটনার বিবরণ দিয়ে বলেন, “কুকুরটার প্রতি শাহরুখের মারাত্মক টান তৈরি হয়ে গিয়েছিল। গভীর রাতে ফিরে এই খবর পেয়ে ও পুরোপুরি ভেঙে পড়ে। রাত তখন আড়াইটে। ওই অবস্থাতেই ও বাড়ির সমস্ত কর্মচারীদের ঘুম থেকে তোলে এবং সমুদ্রের ঠিক কোন জায়গায় ওকে পুঁতে দেওয়া হয়েছে, সেই স্পট দেখাতে বলে। এর পর শাহরুখ নিজের হাতে সেই বালির কবর খুঁড়ে পোষ্যের নিথর দেহটি বের করে আনে। ওটাকে মন্নতের ব্যাকইয়ার্ডে (পেছনের উঠোনে) নিয়ে এসে সসম্মানে সমাধি দেওয়া হয় এবং সেখানে একটি স্মারক তৈরি করা হয়। সেই রাতে কাঁদতে কাঁদতে শাহরুখ ওঁর স্টাফেদের বলেছিল— ‘তোমাদের এত বড় সাহস কী করে হল যে আমার কুকুরকে এভাবে ফেলে দিলে? ও মরুক বা বাঁচুক, ও সবসময় আমাদের সঙ্গেই থাকবে’।”

 

 

'কিং' খানের এই রূপটি এর আগে কখনও এভাবে সামনে আসেনি। এই গল্প আরও একবার প্রমাণ করে দিল যে— পর্দার বাইরেও তিনি এক বিশাল হৃদয়ের মানুষ।

দিল্লির এক বন্ধুর পার্টিতে কৈশোরে প্রথম আলাপ হয়েছিল শাহরুখ ও গৌরীর। প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়েন শাহরুখ। শুরুতে গৌরী পাত্তা না দিলেও, শাহরুখের নাছোড়বান্দা প্রেমের কাছে শেষমেশ সম্মতি দিতে বাধ্য হন তিনি। বেশ কিছু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ১৯৯১ সালের ২৫ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। ১৯৯৭ সালে তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান আরিয়ান খান। এর পর ২০০০ সালের ২২ মে জন্ম হয় কন্যা সুহানা খানের এবং ২০১৩ সালের ২৭ মে সারোগেসির মাধ্যমে দম্পতির ঘরে আসে কনিষ্ঠ পুত্র আব্রাম খান।


বলিউডের ‘বাদশাহী’ কাজের কথা বলতে গেলে, শাহরুখ খানকে খুব শীঘ্রই দেখা যাবে ওঁর আগামী মেগা প্রজেক্ট ‘কিং’ ছবিতে। ‘পাঠান’ ছবির ব্লকবাস্টার পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিটি তৈরি হচ্ছে। ‘কিং’ ছবিটির বিশেষত্ব হলো— এই প্রথম বড় পর্দায় বাবা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন কন্যা সুহানা খান।

এছাড়াও এই বিগ-বাজেট ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি এবং রানি মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট তারকারা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখ এবং দীপিকার শুটিংয়ের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে লিক হয়ে ভাইরাল হয়েছিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি এই অ্যাকশন-ড্রামা ছবিটি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।