রবিবার, ১৯ জুলাই দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি। সেখানে গিয়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। জানান তিনি পাশে আছেন। এরপর সেখান থেকে বেরোনোর সময় শাবানা জানান, জাভেদ আখতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন এই বিষয়ে। 

শাবানা জানিয়েছেন, জাভেদ আখতার নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন যাতে সরকারের তরফে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করার চেষ্টা করা হয়। তবে চিঠি পাঠালেও এখনও তার কোনও উত্তর তাঁরা পাননি বলেই জানিয়েছেন শাবানা। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ককরোচ জনতা পার্টির তরফে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে বসা হয়েছে। নিটের প্রশ্ন পত্র ফাঁসের পর তাঁদের একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত অবনতি হওয়ার কারণে শনিবার তাঁকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানো হয় সাফদরজং হাসপাতালে। 

শাবানা আজমি এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, 'যখন জল মাথার উপর থেকে বইতে শুরু করে, তখনই কথা বলি। এখন আর প্রতিটি ছোট, বড় কথায় প্রতিক্রিয়া দিই না, আমার ৭৫ বছর বয়স হয়ে গিয়েছে। আমি সব দেখে নিয়েছি। এখন কেবল সেসব নিয়েই কথা বলি যা আমাকে ভিতর থেকে নাড়া দেয়।' 

তিনি এদিন আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। জাভেদ সাহাব তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি কথোপকথন শুরু করুন, আমরা প্রেসের কাছে যাচ্ছি না। আমরা এটাকে কোনও পাবলিক বিষয় বানাব না। রাজ্যসভার একজন প্রাক্তন সাংসদ, আমি সেই হিসেবে এই কথাটা বলছি। আমাকে আগে বলা হল ২ দিনে উত্তর আসবে, ২ দিনে কোনও উত্তর এল না, ৩ দিনেও না। এমনকী ৪ দিনেও যখন কোনও উত্তর এল না, তখন আমরা এখানে এলাম।' 

এদিন যন্তর মন্তরে এসে শাবানা আজমি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন। আন্দোলনকারীদের চুমু খান, প্রতিশ্রুতি দেন তাঁদের পাশে থাকার। কেবল শাবানা আজমি নন, প্রকাশ রাজ, পুনম পাণ্ডে সহ একাধিক তারকারা যন্তর মন্তরে এসেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার জন্য।