নিতেশ তিওয়ারির বহুচর্চিত ছবি 'রামায়ণ' নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ছবির বিশাল বাজেট, তারকা সমাবেশ এবং হলিউডের অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও ভারতের কিংবদন্তি এ আর রহমান-এর উপস্থিতির মধ্যেই এবার নতুন করে আলোচনায় এলেন সেতারবাদক ও সুরকার ঋষভ রিখিরাম শর্মা। ছবির ট্রেলারের জন্য তৈরি তাঁর সুর 'রামা রামা' নিয়ে তিনি এমন এক দাবি করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋষভ বলেন, 'রামা রামা' গানটি অস্কারের মনোনয়ন পাওয়ার মতো যোগ্য। তাঁর আত্মবিশ্বাস এতটাই যে তিনি হাসতে হাসতেই বলেন, "See you at the Oscars." অর্থাৎ, অস্কারের মঞ্চেই দেখা হবে। এই মন্তব্যের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

ঋষভ রিখিরাম শর্মা এই ছবির মাধ্যমে বলিউডে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করছেন। 'রামায়ণ'-এ তিনি ট্রেলারের টাইটেল ট্র্যাকের পাশাপাশি রাম, হনুমান এবং রাবণের মতো গুরুত্বপূর্ণ চরিত্রগুলির জন্যও বিশেষ মিউজিক থিম তৈরি করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক সাউন্ডের মেলবন্ধন ঘটিয়ে এক অনন্য সংগীত অভিজ্ঞতা তৈরি করাই তাঁর লক্ষ্য।

ছবির সংগীত বিভাগে রয়েছেন দুই বিশ্বখ্যাত সুরকার এ আর রহমান এবং হ্যান্স জিমার। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের কেরিয়ারের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেছেন ঋষভ। তাঁর বিশ্বাস, ভারতীয় পৌরাণিক কাহিনির আবেগ এবং বিশ্বমানের সংগীত একসঙ্গে মিলেই আন্তর্জাতিক দর্শকদের মন জয় করবে।
উল্লেখ্য, আগামী ২৪ জুলাই মুক্তি পেতে চলেছে 'রামায়ণ'-এর নতুন ট্রেলার। ট্রেলার প্রকাশের আগেই ঋষভের এই আত্মবিশ্বাসী মন্তব্য ছবিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, তাঁর এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয় এবং সত্যিই কি 'রামা রামা' অস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারে।