বৃহস্পতিবার রাতে এক মহিলাকে শ্লীলতাহানি সহ অন্যান্য অভিযোগে নিউ আলিপুর থানার তরফে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। একদা তিনি টলিউডের 'বিশ্বাস' ছিলেন। তাঁর অঙ্গুলিহেলনেই চলত সব। দাদাগিরি, তোলাবাজি, ব্যান কালচার-সহ একাধিক অভিযোগ উঠেছে নানা সময় তাঁর বিরুদ্ধে। এবার তাঁর গ্রেফতারির পর সরব টলিউড। মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী, চিত্রাঙ্গদা শতরূপার মা শতরূপা সান্যাল। এদিন সমাজমাধ্যমে তিনি একটি ইঙ্গিতবহ বার্তা লিখলেন। 

শতরূপা সান্যাল তাঁর পোস্টে লেখেন, 'সংস্কৃতি চর্চার ক্ষেত্রগুলি রাজনীতির নিয়ন্ত্রণ মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয় । সিনেমা, গান, সাহিত্য, খেলাধুলা, নাটক, পত্রিকা ও বই প্রকাশ ইত‍্যাদি স্বাধীন না হলে মেধা ও প্রতিভার বিকাশ হয়না। প্রোপাগান্ডা হয়, একমাত্রিক বিজ্ঞাপন টাইপের হয়। মুড়ি মিছরি একদর হয়ে যায়। সেই পটভূমিতে মধ‍্য ও নিম্ন মেধার রমরমা দেখেও মানুষ, বিশেষতঃ প্রাজ্ঞ মানুষেরা চুপ হয়ে যায়-যা সমাজকে পিছিয়ে দেয়।' তাঁর আরও সংযোজন, 'স্বাধীন গণতান্ত্রিক দেশে মুক্তচিন্তার পরিবেশটাই কাম‍্য।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত) নাম না করলেও, এটা স্পষ্ট যে তিনি এই বার্তা স্বরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করেই লিখেছেন তাঁর গ্রেফতারির পর। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, স্টুডিওপাড়ায় দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন 'বিশ্বাস ব্রাদার্স', এই অভিযোগে বহু দিন ধরে সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। বাংলায় পালাবদলের পর আরও জোরালোভাবে সোচ্চার হন তাঁরা। সেই আবহে নি:সন্দেহে স্বরূপ বিশ্বাসের গ্রেফতার যে তাৎপর্যপূর্ণ খবর, তা বলাই বাহুল্য। 
প্রসঙ্গত, বুধবার টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী ভেঙে দেন ফেডারেশন, 'বিশ্বাস ব্রাদার্স'-এর একচ্ছত্র আধিপত্য বন্ধ করার বার্তা দেন। এক ছাতার তলায় টলিউডকে আনার কথা বলেন। তার ঠিক একদিন পরই পুলিশের জালে স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টলিপাড়ায় টেকনিশিয়ানদের থেকে টাকা তুলতেন তিনি। একদিকে যখন মেসি কাণ্ড নিয়ে দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেই পরিস্থিতিতেই এবার একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হল স্বরূপ বিশ্বাসকে।