বিনোদন জগতে তারকাদের নিয়ে চর্চা নতুন কিছু নয়। কিন্তু সেই চর্চা যখন কুৎসার রূপ নেয়, তখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি দক্ষিণ ভারতীয় ছবি ও বলিউডের পরিচিত মুখ সারা অর্জুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হয়েছে। ‘নো টক্সিসিটি, ওনলি ধুরন্ধর’ ক্যাপশন দিয়ে ভাগ করা সেই পোস্টটি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। তবে এবার বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন সারার বাবা, অভিনেতা রাজ অর্জুন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভাইরাল হওয়া ওই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। তিনি জানান, সারা শুধুমাত্র ইনস্টাগ্রামে আছেন, অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁর নামে যদি কোনও অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা ভুয়ো।

ঘটনার সূত্রপাত হয় একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে সারার ছবি ব্যবহার করে এমন কিছু দাবি করা হয়েছিল যা অত্যন্ত কুরুচিকর। যেন বোঝানো হয়েছিল, সারা 'ধুরন্ধর ২'-এর নায়িকা হয়ে যশের 'টক্সিক'কে কোণঠাসা করেছেন।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই রাজ অর্জুন তীব্র প্রতিবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি স্পষ্ট করেন যে, তার মেয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে।

রাজ অর্জুন লেখেন, "আজকালকার ডিজিটাল যুগে যে কেউ যা খুশি লিখে দিতে পারে, কিন্তু তার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তারা বোঝে না। সারা একজন উদীয়মান শিল্পী এবং তার পরিশ্রমের মাধ্যমে সে নিজের জায়গা তৈরি করছে। এই ধরনের কুরুচিকর পোস্ট কেবল মানহানিকর নয়, এটি এক ধরনের সাইবার অপরাধ।" তিনি আরও জানান যে, এই মিথ্যে প্রচারের বিরুদ্ধে তাঁরা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

শিশু শিল্পী হিসেবে সারা কেরিয়ার শুরু করে এখন তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন বড়পর্দায়। রাজ অর্জুন জানান, সারার নামে কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি। কোনও একটা ভুয়ো পেজ থেকে জনপ্রিয়তা পাওয়ার আশায় এই কাজ করা হয়েছে। তিনি নেটিজেনদের অনুরোধ করেছেন যেন তারা এই ধরনের কোনও পোস্ট বিশ্বাস না করেন এবং তা শেয়ার করা থেকে বিরত থাকেন। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২'-এর ট্রেলার। ট্রেলারে সারাকে হামজা ওরফে রণবীর সিং-এর মুখোমুখি হতে দেখা গিয়েছে। এই ছবি অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে।