আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'জয় সোমনাথ' আনছেন সঞ্জয় লীলা বনশালি, 'লাভ অ্যান্ড ওয়ার' মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা
সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'। সেটি মুক্তি পাওয়ার আগেই এদিন তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন। 'জয় সোমনাথ'। এই ছবিতে ১০২৫ থেকে ১০২৬ সালের মধ্যে মহম্মদ গজনি যে বারংবার গুজরাটের সোমনাথ মন্দিরে এসে লুটপাট চালিয়েছে, ভাঙচুর করেছে সেটা তুলে ধরেছেন। কেতন মেহতা ছবিটির পরিচালনা করবেন। বলাই বাহুল্য, পদ্মাবৎ, বাজিরাও মস্তানি, ইত্যাদি মতো ঐতিহাসিক ছবির পর আরও একটি ঐতিহাসিক ছবি নিয়ে আসতে চলেছেন। এই বছর ১০০০ বছর পূর্ণ হল গজনির এসে মন্দির ধ্বংস এবং লুটপাট চালানোর। বলাই বাহুল্য, এই সোমনাথ মন্দিরে, ভারতের অদম্য সত্ত্বার প্রতীক। ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। তবে কাদের দেখা যাবে এখনই সেটা ঘোষণা করা হয়নি।
'হীর রাঞ্ঝা'য় নায়ক হচ্ছেন না রোহিত?
ভ্যালেন্টাইন্স ডেতে ইমতিয়াজ আলি এবং সাজিদ আলি তাঁদের আগামী ছবির কথা ঘোষণা করেছেন। জনপ্রিয় প্রেম কাহিনি 'হীর রাঞ্ঝা' নিয়ে ছবি বানাতে চলেছেন তাঁরা। রবিবার, ১৫ ফেব্রুয়ারি সকালে রটে যায় এই ছবিতে রোহিত শরফ নায়ক হচ্ছেন। তবে এবার জানা গেল এই রটনা মিথ্যে। রোহিত মোটেই হীর হচ্ছেন না। এখনও নায়ক কে হবেন সেই খোঁজ জারি রেখেছে ছবির নির্মাতারা। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রোহিত শরফ 'মিসম্যাচড', 'ইশক ভিশক রিবাউন্ড', 'সানি সংস্করি কী তুলসি কুমারী', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন এবং নজর কেড়েছেন। তাই অনেকের মনে হয়েছিল এই প্রেমের ছবিতেও হয়তো তিনি থাকবেন। কিন্তু সেটা সত্য নয়।
বক্স অফিসে বেহাল দশা 'ও রোমিও'র! ৩ দিনে কত লক্ষ্মীলাভ হল?
বক্স অফিসে একেবারেই বেহাল দশা 'ও রোমিও'র। বিশাল ভরদ্বাজের এই ছবিটি যেন খাপ খুলতেই পারছে না। ৩ দিনে ভারতীয় বক্স অফিসে 'ও রোমিও' মোট ২৮ কোটি ৯৫ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন ৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন সেটা বেড়ে হয় ১২ কোটি ৬৫ লাখ টাকা। তবে রবিবার আবার হুড়মুড়িয়ে পড়ে যায় ছবির ব্যবসা এদিন মাত্র ৭ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে। ও রোমিও ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি।
