এক বছর কেটে গেল করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রয়াণের। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা ভাগ করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর। গত ১২ জুন, ২০২৫-এ লন্ডনে পোলো খেলার সময় ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন সঞ্জয় কাপুর।

এদিন নিজের মনের কথা লিখে প্রিয়া জানান, 'তোমাকে ছাড়া একটা বছর কেটে গেল। এখনও সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমাকেই মনে পড়ে, আর রাতে ঘুমানোর আগেও শেষ চিন্তাটা তোমাকেই নিয়ে হয়।'

প্রিয়ার এই শোকবার্তায় লেখা হয়েছে, 'এক বছর হল তুমি আমাদের ছেড়ে গিয়েছো, কিন্তু তোমার উপস্থিতি এখনও আমাদের প্রতিটা দিন পথ দেখায়। তুমি কখনও থেমে থাকতে বিশ্বাস করতে না। তোমার জীবনবোধ, উদ্যম এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা আমাদের আজও অনুপ্রাণিত করে।'

উল্লেখ্য, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটি টাকা মূল্যের বিপুল সম্পত্তি নিয়ে পরিবারের অন্দরে আইনি লড়াই শুরু হয়েছে। এই সম্পত্তি নিয়ে প্রিয়া সচদেব কাপুর, সঞ্জয়ের মা রানি কাপুর এবং প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ানের মধ্যে বিবাদ চলছে। সঞ্জয় কাপুরের রেখে যাওয়া একটি উইল নিয়ে বিতর্ক তুঙ্গে। করিশ্মার সন্তানরা অভিযোগ তুলেছেন যে, ওই উইলটি জাল। বর্তমানে দিল্লি হাইকোর্ট এই সম্পত্তির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিক পর্যায়ে রহস্য দানা বাঁধলেও, ব্রিটিশ চিকিৎসকরা পরবর্তীকালে জানান যে এটি স্বাভাবিক মৃত্যু ছিল। প্রাক্তন স্বামীর মৃত্যুর বছর ঘুরতে যদিও কোনও পোস্ট দেখা যায়নি করিশ্মার পক্ষ থেকে।