ছাত্রদলকে আন্দোলন বন্ধের আর্জি সলমনের! 

দেশজুড়ে উত্তাল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট' (NEET)-এর প্রশ্নফাঁস বিতর্ক। রাজধানীর রাজপথে যখন প্রতিবাদী শিক্ষার্থীদের স্লোগানে পারদ চড়ছে, ঠিক তখনই ময়দানে নামলেন বলিউড সলমন খান। আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে নিজ নিজ বাড়ি ও বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার আর্জি জানালেন এই তারকা।

 

?utm_source=ig_web_button_share_sheet

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিশেষ বার্তা পোস্ট করে শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানান সলমন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় সালমান খান স্পষ্ট জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনাই দেশের কাছে অগ্রাধিকার পাওয়া উচিত। তিনি লেখেন- "শিক্ষার্থীরা শিক্ষা এবং নিরাপত্তা—উভয় দিক থেকেই দেশের শীর্ষ অগ্রাধিকার। তাই তাদের নিজেদের কিংবা অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। আমি নিশ্চিত, এই প্রশ্নফাঁসের ঘটনার পেছনে যারা যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি কঠোরতম আইনি পদক্ষেপ নেবেন। তাই শিক্ষার্থীদের কাছে অনুরোধ, দয়া করে আন্দোলন ছেড়ে নিজেদের বাবা-মা এবং বাড়ি ফিরে যাও।"


বিহারি অভিনেতাকে তোপ মালাইকার

পশুপ্রেম এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার হন বলিউড অভিনেত্রী ও ফিটনেস ফ্রিকে মালাইকা আরোরা। সম্প্রতি ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের একটি ভাইরাল ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ ও চরম বিরক্তি প্রকাশ করলেন তিনি। প্রকাশ্যে এক পথকুকুরের সঙ্গে ঘটা অসংবেদনশীল আচরণ দেখে নিজেকে সামলাতে পারেননি মালাইকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তীব্র ধিক্কার জানিয়ে অভিনেত্রী লেখেন:
"এরা কোন ধরনের মানুষ ভাই??? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দেওয়া এই লোকটাই বা কে??? জঘন্য!"

ঠিক কী ঘটেছিল ভাইরাল ভিডিওটিতে? ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছেন ভোজপুরি তারকা খেসারি লাল যাদব। ঠিক সেই সময় কার্পেটের ওপর শান্তভাবে শুয়ে ছিল একটি পথকুকুর। ফটোশুটে বাধা সৃষ্টি হচ্ছে দেখে প্রথমে খেসারি নিজেই ইঙ্গিতে কুকুরটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।কিন্তু চারপেয়ে অবোধ প্রাণীটি সেখান থেকে না সরায়, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অভিনেতার এক সহকারী। তিনি পায়ে ঠেলে এবং টেনে-হিঁচড়ে কুকুরটিকে সেখান থেকে সরিয়ে দেন। মানুষের এই নিষ্ঠুর আচরণ ও উদ্দেশ্য বুঝতে না পেরে সরল কুকুরটি ভেবেছিল হয়তো কেউ তাকে আদর করছে! সে উল্টে শুয়ে পড়ে পেটে হাত বুলিয়ে দেওয়ার আর্জি জানাতে থাকে। এই দৃশ্যই মন ভেঙে দিয়েছে পশুপ্রেমীদের।


বিজয়-পথ! 

দেশজুড়ে চলতে থাকা নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক এবং শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বলিষ্ঠ অবস্থান নিয়েছেন খুব কমসংখ্যক বলিউড তারকা। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা বিজয় ভার্মা। কিন্তু এই সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খোলাই যেন কাল হলো তাঁর জন্য! প্রতিবাদে সরব হতেই ইনস্টাগ্রামে অনেক অনুগামী (Followers) আনফলো করতে শুরু করেন অভিনেতাকে। আর এই পরিস্থিতিকেই নিজের চেনা রসিকতায় উড়িয়ে দিয়ে ট্রোলারদের কড়া ও মিষ্টি খোঁচা দিলেন বিজয়।

রবিবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি 'জিফ' (GIF) ও হাসির ইমোজি সহকারে এক লাইনের একটি বার্তা শেয়ার করেন বিজয়। স্পষ্ট ভাষায় তিনি লেখেন -"চুপচাপও তো আনফলো করা যেত... সব কথা বলতে হয় না!"

 


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সোশ্যালে একের পর এক পোস্ট করছিলেন বিজয় ভার্মা। শিক্ষা সংস্কারক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি এই অনিয়মের বিরুদ্ধে আমরণ অনশনে বসেছেন, তাঁর লড়াইকেও পূর্ণ সমর্থন জানান এই তারকা।

এখানেই শেষ নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পরোক্ষ কটাক্ষ করেছিলেন বিজয়। শিক্ষার্থীদের দাবি—ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর সেই আন্দোলনের পাশে দাঁড়াতেই একদল নেটিজেন রেগে গিয়ে বিজয়কে সোশ্যাল মিডিয়ায় বয়কট করা ও আনফলো করার হুমকি দেওয়া শুরু করে। সেই ভক্তদের উদ্দেশ্যেই বিজয়ের এই ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া।

বিজয়ের এই সপাট জবাবে স্পষ্ট, ফলোয়ার কমার ভয়ে নিজের শক্ত নীতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এক চুলও নড়তে রাজি নন তিনি!