বলিউডের সমীকরণ কখন যে কোন দিকে মোড় নেয়, তা বোঝা দায়। বছরের পর বছর ধরে পরিচালক অভিনব ক্যাশপের সঙ্গে সলমন খানের আদায়-কাঁচকলায় সম্পর্ক সর্বজনবিদিত। সলমনের পরিবারের বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ এনেছেন ‘দবং’ পরিচালক। কিন্তু সেই সব তিক্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার অভিনবের দাদা, পরিচালক অনুরাগ ক্যাশপের ছবির প্রচারে নামলেন স্বয়ং টাইগার! সৌজন্যে— ববি দেওল অভিনীত অনুরাগের নতুন ছবি ‘বান্দর’।
বর্তমানে মুম্বইয়ে দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে নিজের পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন। কিন্তু তার মাঝেই সময় বের করে ববি দেওল ও সানিয়া মালহোত্রার আসন্ন ছবির টিজার শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। কেবল টিজার শেয়ার করাই নয়, ববি দেওলের জন্য এক মজাদার ‘অ্যাক্রোনিম’ বা শব্দের খেলাও তৈরি করেছেন তিনি।
বলাই বাহুল্যে নিজস্ব ছন্দে সলমনের ‘বান্দর’ স্টাইল প্রচার নজর কেড়েছে নেটপাড়ায়। ইনস্টাগ্রাম স্টোরিতে টিজারটি শেয়ার করে সলমন একটি চমৎকার বার্তা লিখেছেন -
“ বি (B) মানে ববি দেওল, এ (A) মানে আগ (আগুন), এন (N) মানে না গেলে পস্তাবে, ডি (D) মানে দেওল অর্থাৎ সানি দেওল। এ (A ) মানে এখন কী? আমির খান? আর (R) মানে রেস— তাই জলদি থিয়েটারে যাওয়ার জন্য রেস লাগাও। একা যেও না, বন্ধুদের সঙ্গে যাও। আর হ্যাঁ, ‘বান্দর’ এবার সবাইকে সিনেমার ভেতরে টেনে আনবে।”

এই পোস্টের পরেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। অনেকেই অবাক হয়েছেন এই ভেবে যে, যাঁর ভাই (অভিনব ক্যাশপ) ক্রমাগত সলমনের বিরুদ্ধে ‘দাবাং’-এর কৃতিত্ব চুরি বা ‘তেরে নাম’-এর সেট থেকে অনুরাগকে সরিয়ে দেওয়ার মতো অভিযোগ আনছেন, তাঁর ছবির জন্যই সলমন গলা ফাটাচ্ছেন! নেটিজেনদের একাংশ বলছেন, সলমন প্রমাণ করে দিলেন যে তিনি সবার জন্যই আছেন, কিন্তু তাঁর জন্য ক’জন দাঁড়ায়?
তা কেমন হলো ‘বান্দর’-এর টিজার? সম্প্রতি মুক্তি পাওয়া এই টিজারে ববি দেওলকে দেখা গেছে একজন জনপ্রিয় রকস্টারের ভূমিকায়। ঝলমলে জ্যাকেট আর হাতে গিটার নিয়ে ববির সেই স্টাইলিশ এন্ট্রি নজর কেড়েছে সবার। কিন্তু গল্পের মোড় ঘোরে যখন তাঁর অভিনীত চরিত্র ‘সমীর মেহরা’ এক বড়সড় যৌন হেনস্থার কেলেঙ্কারিতে ফেঁসে যান। টিজারে সানিয়া মালহোত্রাকে দেখা গেছে সমীরের বোনের চরিত্রে, যিনি একজন আইনজীবীর সাহায্যে নিজের দাদাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
পরিচালক অনুরাগ ক্যাশপ ববি দেওলের এই ছবির প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, ববি এই ছবিতে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন। দীর্ঘ সময় তারকা হিসেবে থাকার পর ববি এই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করছেন যেখানে তাঁকে মানসিকভাবে অত্যন্ত দুর্বল এবং অসহায় হিসেবে দেখা যাবে। ছবিতে পাঁচজন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা সহ একঝাঁক প্রতিভাবান থিয়েটার শিল্পী কাজ করেছেন।
সুদীপ শর্মা ও অভিষেক ব্যানার্জির লেখা এই ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। জাফরান এন্টারটেইনমেন্ট ও জি স্টুডিওসের এই নিবেদন এখন থেকেই বক্স অফিসে বড় ধামাকার ইঙ্গিত দিচ্ছে।
















