সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'কালা হিরণ' নির্মাতাদের আইনি নোটিশ সলমনের 

সলমন খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় হল ১৯৯৮ সালের যোধপুরের কৃষ্ণসার হরিণ শিকার মামলা। এই দীর্ঘ আইনি লড়াই এবং বিতর্ককে কেন্দ্র করে রূপোলি পর্দায় তৈরি হতে চলেছে সিনেমা। আর তাতেই মারাত্মক চটেছেন অভিনেতা। 'কালা হিরণ' নামের সেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠাল সলমন খানের লিগ্যাল টিম। অভিনেতার সাফ দাবি, তাঁর অনুমতি বা সম্মতি ছাড়াই, তাঁর জীবনের এই সংবেদনশীল আইনি মামলা নিয়ে ছবিটির গল্প সাজানো হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত জীবন এবং সামাজিক সম্মানের ওপর বড় আঘাত। সলমন খানের আইনজীবীরা নোটিশে স্পষ্ট জানিয়েছেন যে, কোনও ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর জীবনের সত্য ঘটনা বা কোনও বিচারাধীন আইনি মামলাকে বাণিজ্যিক সিনেমার স্বার্থে এভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। এতে অভিনেতার সম্মান ক্ষুণ্ণ হতে পারে।

নাগা চৈতন্যর ডিপফেক কাণ্ডে পদক্ষেপ হাইকোর্টের

তেলেগু সিনেমার জনপ্রিয় সুপারস্টার নাগা চৈতন্যকে নিয়ে তৈরি করা আপত্তিকর ও কুরুচিকর 'ডিপফেক' পর্নোগ্রাফিক কনটেন্ট ইন্টারনেট থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে সমস্ত ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন পোর্টালগুলোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সমস্ত অশ্লীল ছবি, ভিডিও বা লিংক সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে। সম্প্রতি এক অসাধু চক্র নাগা চৈতন্যের মুখ ও ছবি বিকৃত করে কুরুচিকর পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়িয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই অভিনেতার লিগ্যাল টিম তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কোনও ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এ ধরনের নোংরা কনটেন্ট তৈরি করা তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং সামাজিক সম্মানের ওপর চরম আঘাত। শুধু বর্তমান কনটেন্ট সরানোই নয়, ভবিষ্যতেও যেন এই অভিনেতার নাম বা ছবি ব্যবহার করে কেউ এমন কোনো আপত্তিকর কনটেন্ট ইন্টারনেটে আপলোড করতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

‘ডন ৩’ বিতর্কে রণবীরের পাশে প্রযোজক টিপি আগরওয়াল

অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের পর ‘ডন’-এর জুতোয় পা গলানোর কথা ছিল রণবীর সিংয়ের। কিন্তু সেই 'ডন ৩' থেকে 'হামজা' সরে আসতেই শুরু হয় বিতর্ক। এবার ফারহান আখতারের সঙ্গে তাঁর ঝামেলার জল সরাসরি আদালতে গিয়ে গড়াল! বারবার ডেকেও রণবীর হাজির না হওয়ায়, মে মাসের শেষে তাঁর বিরুদ্ধে এক অসহযোগিতার ফতোয়া জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সাফ জানিয়ে দেওয়া হয়, কোনও লাইটম্যান, স্পটবয় বা টেকনিশিয়ান রণবীরের সঙ্গে কাজ করবেন না! এবিষয়ে এবার পদক্ষেপ নিলেন বলিউডের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল। তিনি সোজা মুম্বইয়ের দিনদোশি দেওয়ানি আদালতের দরজায় কড়া নেড়েছেন এবং এফডাব্লুআইসিই-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ফিল্ম ইন্ডাস্ট্রি চলে সকলের সহযোগিতায়। কোনও সংগঠন বা ট্রেড ইউনিয়নের আইনি অধিকার নেই ফতোয়া জারি করে কারও কাজ কেড়ে নেওয়ার। এভাবে ফতোয়া দিলে অভিনেতাদের সৃজনশীল স্বাধীনতা এবং রুজি-রুটিতে টান পড়ে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।