বলিউড সুপারস্টার সলমন খান কি অবশেষে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছেন? এমন জল্পনা এখন বিনোদনের দুনিয়ায় তুঙ্গে। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই ছিল খান পরিবারের ঠিকানা। ১৯৭৪ সাল থেকে সলমন ও তাঁর পরিবার এখানেই কাটিয়েছেন। তবে বলিপাড়ার অন্দরের খবর, খুব শীঘ্রই এই ঠিকানায় পরিবর্তনের হাওয়া বইছে।

সূত্রের খবর, সলমন খান বান্দ্রার চিম্বাই এলাকায় একটি বিলাসবহুল ছ'তলা 'সি ফেসিং' বাংলো তৈরি করছেন। শোনা যাচ্ছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) এই নির্মাণের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে। ২০১১ সালে সলমনের মা সালমা খান এই জমিটি কিনেছিলেন। সেই পুরোনো কাঠামো ভেঙে এখন নতুন করে তৈরি হচ্ছে তাঁদের স্বপ্নের বাড়ি।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? 'ভাইজান'-এর ঘনিষ্ঠ মহলের মতে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগের কারণেই সলমন এই বড় পদক্ষেপ করছেন। বিশেষ করে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর হুমকি এবং ২০২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলার ঘটনার পর পরিবারের নিরাপত্তা নিয়ে খান পরিবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। নতুন বাড়িতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেই মনে করা হচ্ছে।

তবে এই প্রসঙ্গে সলমন খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সলমনের অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন—গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা, যেখানে সলমনকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান হাজারো ভক্ত, সেই আবেগের জায়গা কি তিনি সত্যিই ছাড়বেন? নতুন বাংলোতে কি আবার পুরোনো ঐতিহ্যের আবহ তৈরি হবে? সেই জবাব তো সময়ই দেবে। আপাতত সলমনের ঠিকানা বদলানোর গুঞ্জনে সরগরম বি-টাউন।