একদিকে বাংলায় আসছে 'বিগ বস'। ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে আসন্ন শোয়ের। তার মধ্যেই সুদূর মুম্বইয়ের অন্দরেও ফিসফাস শুরু হিন্দি 'বিগ বস' নিয়ে। জানা গিয়েছে শীঘ্রই আবারও ছোটপর্দায় ফিরতে চলেছে সলমন খান। 'বিগ বস ২০' চলতি বছরের শেষ দিকেই শুরু হয়ে যাবে।
'বিগ বস ১৯' দারুণ জনপ্রিয় হয়েছিল। তানিয়া মিত্তল, ফারহানা ভাট, গৌরব খান্না, অমল মালিক, প্রমুখের মতো তারকারা ছিলেন গত সিজনে। এবার জানা যাচ্ছে 'বিগ বস' সিজন ২০ আরও বড় এবং বেশি ড্রামাটিক হতে চলেছে। আর আবারও এই জনপ্রিয় শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে সলমন খানকে।
সূত্রের খবর আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে 'বিগ বস ২০'। তবে ছোটপর্দায় ফেরার আগে সলমন খান তাঁর অ্যাকশন ফিল্মের একটা বড় ভাগের শুটিং করে তারপর 'বিগ বস' -এর কাজে হাত দেবেন বলেই জানা গিয়েছে। এই বহু প্রতীক্ষিত ছবিটিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। ভামসি পাইদিপল্লি ছবিটির পরিচালনা করছেন।
জানা গিয়েছে, সলমন খানের টিম তাঁর ক্যালেন্ডার এমন ভাবে ম্যানেজ করছেন যাতে কোনও রকম বিলম্ব না করে ছবিটির কাজ তরতরিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আবার একই সঙ্গে 'বিগ বস'-এর কাজে যাতে কোনও রকম বাঁধা না আসে।
'বিগ বস ২০'-এর প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই অডিশন নেওয়া, শর্ট লিস্ট করা শুরু হয়ে গিয়েছে। একাধিক টেলিভিশন তারকার কাছে এই শোয়ে অংশ নেওয়ার অফার গিয়েছে বলেই খবর। তবে শেষ পর্যন্ত কাদের 'বিগ বস ২০' -তে দেখা যায়, সেটাই এখন দেখার পালা। বলিউডের অন্দরে জোর ফিসফাস, এবারের সিজনে নাকি একাধিক পুরনো মুখকে দেখা যেতে পারে। তবে এটা কতটা নিছক জল্পনা আর কতটা বাস্তব সেটা সময় এলেই বোঝা যাবে।
প্রসঙ্গত, সলমন খানকে আগামীতে 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' ছবিতে দেখা যাবে। অপূর্ব লখিয়া পরিচালিত এই ছবিতে ভাইজানের বিপরীতে থাকবেন চিত্রাঙ্গদা সিং। গল্পে ফুটে উঠবে ভারত চিন যুদ্ধের নায়ক, প্রয়াত কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর কথা।
















