সংবাদসংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর লরেন্স বিষ্ণোই-এর নিশানায় এখন সলমন খান। বার বার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।
এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। এখন ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ ছিল প্রতিদিন। প্রসঙ্গত, হয়ে গেল 'বিগ বস ১৮'র ফাইনাল। 'খতরো কে খিলাড়ি ১৪' জেতার পর এবার তাঁর হাতে এল 'বিগ বস ১৮'-র ট্রফি ৷ 'বিগবস'-এর ফাইনাল ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল ঊর্দ্ধমুখী ৷ ভিভিয়ান ডিসেনাকে হারিয়ে এই বছর 'বিগবস'-এর ট্রফি জেতেন করণ ৷
এদিন 'বিগবস'-এর মঞ্চে উপস্থিত ছিলেন সলমনের দুই তারকা বন্ধু অক্ষয় কুমার ও আমির খান। জমজমাট শেষ পর্বের পর এল মন খারাপের খবর। বলিপাড়ার অন্দরের চর্চা, 'বিগবস'-এর নতুন সিজন নাকি সঞ্চালনা করতে চান না সলমন। এক সাক্ষাৎকারে 'ভাইজান' জানান, তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না এই শোয়ের সঞ্চালনা করা। কিন্তু হঠাৎ কী কারণে শো ছাড়তে চাইছেন তিনি? তা যদিও খোলসা হয়নি। যদিও সবটাই জল্পনা, এই মুহূর্তে কোনও সঠিক বিবৃতি আসেনি অভিনেতার পক্ষ থেকে।
