বলিউড অভিনেতা সইফ আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। গত বছর নিজের বাড়িতেই এক দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েছিলেন এই তারকা। সেই ভয়াবহ রাতে মৃত্যুকে যেন খুব কাছ থেকে দেখেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে জানান, বাড়িতে চোর ঢুকেছিল এবং তাঁকে আটকাতে গিয়েই ঘটে বিপত্তি। অভিনেতা বলেন, "আমি তখন অর্ধেক ঘুমন্ত অবস্থা ছিলাম। যখন বুঝলাম আমার সন্তানদের ঘরে কেউ একজন ছুরি হাতে ঢুকেছে, আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই ব্যক্তি ছুরি দিয়ে আমাকে আঘাত করতে শুরু করে।"

সইফ স্বীকার করেন যে, সেই মুহূর্তে তিনি এতটাই রক্তাক্ত ছিলেন যে তাঁর মনে হয়েছিল তিনি হয়তো আর বাঁচবেন না। তবে মৃত্যুর সামনে দাঁড়িয়ে তিনি আতঙ্কিত হওয়ার বদলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছিলেন। সইফ বলেন, "আমি ভেবেছিলাম জীবন খুব সুন্দর এবং আমি খুব সুন্দরভাবে জীবন কাটিয়েছি। সেই মুহূর্তে শুধু সন্তানদের শেষবারের মতো দেখার খুব ইচ্ছা হয়েছিল।"

তবে এই ঘটনার পর অভিনেতার মানবিক দৃষ্টিভঙ্গি সকলকে অবাক করেছে। আক্রমণকারীর প্রতি কোনও রাগ বা বিদ্বেষ প্রকাশ না করে সইফ বরং তাঁকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। তিনি মনে করেন, ব্যক্তিটি হয়তো কোনও পরিস্থিতির শিকার ছিল বা তার কোনও ভুল ধারণা ছিল। সইফ বলেন, "সে হয়তো টাকার প্রয়োজনে এসেছিল। আমি যদি আলো জ্বেলে তার সঙ্গে ভালভাবে কথা বলতে পারতাম, হয়তো ঘটনাটা অন্যরকম হতে পারত। সে এখন জেলে, কিন্তু আমি তাকে ক্ষমা করতে প্রস্তুত।"

আক্রমণকারীকে ক্ষমা করতে প্রস্তুত সইফ! অভিনেতার এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় তা আলোচনার জন্ম দিয়েছে।