২০০১ সালে মুক্তি পেয়েছিল আমির খান, সইফ আলি খান এবং অক্ষয় খান্না অভিনীত বলিউডের ট্রেন্ডসেটার ছবি ‘দিল চাহতা হ্যায়’। যা ছিল পরিচালক ফারহান আখতারের প্রথম ছবি। তিন বন্ধুর সেই কাল্ট ক্লাসিক ছবি বদলে দিয়েছিল হিন্দি সিনেমার চেনা ব্যাকরণ। আজ দীর্ঘ ২৫ বছর পর ফের একসঙ্গে জুটিতে ফিরছেন সইফ এবং ফারহান আখতার! ফারহান ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ -এর আগামী হাই-ভোল্টেজ থ্রিলার ছবিতে সই করেছেন সইফ।

এখনও পর্যন্ত এই নাম ঠিক না হওয়া ছবিটি বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে এবং নির্মাতারা এরচিত্রনাট্য  থেকে শুরু করে সমস্ত তথ্যই বেশ গোপন রেখেছেন। তবে জানা গিয়েছে, এটি এক দুর্দান্ত ইনটেন্স সোশ্যাল-থ্রিলার হতে চলেছে, যেখানে নৈতিকতা, নীতিবোধ এবং সমাজের কিছু জটিল অন্ধকার দিক ফুটিয়ে তোলা হবে। প্রসঙ্গত, ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে সইফের করা ‘সমীর’ চরিত্রটি আজও দর্শকদের অল-টাইম ফেভারিট। তবে ২৫ বছর পর ফারহানের ব্যানারে সইফ এবার কোনও চকোলেট বয় বা বন্ধুত্বের গল্পে ফিরছেন না। সইফকে দেখা যাবে এক চরম গম্ভীর ও সামাজিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে থাকা মুখ্য চরিত্রে।

কাস্টিং: সইফ আলি খান লিড রোলে চূড়ান্ত। ছবিতে তাঁর বিপরীতে বর্তমানে বলিউডের একজন প্রথম সারির প্রথম সারির নায়িকার খোঁজ চালাচ্ছেন নির্মাতারা।

পরিচালক ও চিত্রনাট্য: চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে। তবে ছবির জন্য এখনও কোনও পরিচালক চূড়ান্ত করা হয়নি।

শুটিং: সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকেই (নভেম্বর-ডিসেম্বর) ফ্লোরে যাবে এই ছবি।

সইফ আলি খানের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে একাধিক হেভিওয়েট সিনেমা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘কর্তব্য’ ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে তাঁকে। এছাড়াও ওঁর আগামী প্রজেক্টগুলির মধ্যে রয়েছে—

১. হেওয়ান: পরিচালক প্রিয়দর্শনের এই ছবিতে দীর্ঘ বছর পর অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সইফ।

২.  ভারতের ইতিহাসের প্রথম সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় নেটফ্লিক্সের একটি পলিটিক্যাল ডিরেক্ট ছবিতে দেখা যাবে তাঁকে।


শুধু সইফ আলি খান-ই নন, এক্সেল এন্টারটেইনমেন্ট ‘দিল চাহতা হ্যায়’-এর আরেক নায়ক আমির খানের সঙ্গেও হাত মিলিয়েছে। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি একটি স্পোর্টস ড্রামায় অভিনয় করবেন আমির, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ফারহান নিজেও। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের অক্টোবরে।

এছাড়াও ফারহানের প্রোডাকশন হাউসের পাইপলাইনে রয়েছে -

সানি দেওল ও জ্যোতিকা অভিনীত একটি অ্যাকশন থ্রিলার।

রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় দুই পর্বের পৌরাণিক সিনেমা ‘কর্ণ’।

মির্জাপুর: দ্য মুভি- ওটিটি কাঁপানোর পর পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু অভিনীত এই ভুল প্রতীক্ষিত ছবিটি আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬-এ সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।