সম্প্রতি অনু কাপুর প্রশ্ন তুলেছেন যে কেন সাই পল্লবীকে সীতার চরিত্রে নেওয়া হল। তবে সেসব বিতর্ক, কটাক্ষ উপেক্ষা করেই এদিন 'রামায়ণ' ছবির ইভেন্টে এসে অভিনেত্রী জানালেন তিনি পর্দার সীতা হয়ে উঠতে নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন। সাই পল্লবীর কথায়, কনভেনশনাল অ্যাক্টিং মেথডের ঊর্ধ্বে ছিল তাঁর এই ছবির জন্য প্রস্তুতি। 

সাই পল্লবী এদিন এই ইভেন্টে জানান, শুটিংয়ের আগে তিনি রোজ ধ্যান করতেন। এবং দেবী সীতার কাছে প্রার্থনা করতেন, যেন তিনিই তাঁর মধ্যে দিয়ে অভিনয় করেন। শুধু অভিনয়ের দিকে এই সময় তিনি নজর দিয়েছিলেন সেটাই নয়, এই ৩ বছর অর্থাৎ যে তিন বছর ধরে ছবিটি তৈরি হয়েছে, সীতা চরিত্রটি নিজের মধ্যে লালন পালন করেছেন, সেই তিন বছর  সাই পল্লবী তাঁর ভাবনাচিন্তাকেও যতটা সম্ভব পবিত্র রেখেছিলেন বলে দাবি করেন। 

অভিনেত্রীর কথায়, 'যখন এটা সীতা মায়ের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গ, তখন জানাই আমি চরিত্রটি বেছে নিইনি। বরং আমি ধন্য এই চরিত্রটি পেয়ে। এটা এমন কোনও চরিত্র নয়, যার পিছনে আপনি একটি কাগজে লিখে ফেললেন আর অভিনয় করলেন। আমি ধ্যান করতাম, এবং বলতাম সীতা মা আপনি আমার মাধ্যমে অভিনয় করুন। আমার মধ্যে দিয়ে যেন সেটাই বেরোয়, যেটা আপনি চান এই ছবির জন্য। আমি যতটা পেরেছি বিষয়টা সৎ এবং পবিত্র রেখেছি। অন্তত আমার ভাবনাচিন্তাকে। আমি চেষ্টা করেছি, যাতে আমার সেরাটা দিতে পারি।' 

সাই পল্লবী এদিন আরও জানান এই প্রজেক্টটা, এই চরিত্রটা অন্যতম কঠিন চরিত্র একজন অভিনেতার কাছে। তাঁর কথায়, 'কোনও দেব বা দেবীর চরিত্রে অভিনয় করা, মোটেই সহজ কথা নয়। একটা গোটা টিমের চেষ্টা, কঠিন পরিশ্রম থাকে সেরাটা তৈরি করার জন্য।' সাই পল্লবী জানিয়েছেন তিনি এই প্রজেক্টে কাজ করতে এসে অনেক কিছু শিখেছেন। 

প্রসঙ্গত, নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবিটিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং সীতা হয়ে ধরা দেবেন সাই পল্লবী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন, ববি দেওল, যশ, প্রমুখ। চলতি বছরের দীপাবলির সময় এই ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা। ২০২৭ এর দীপাবলির সময় আসবে দ্বিতীয় ভাগ।